২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরঙ্গ পুনর্বিন্যাসে টেলিযোগাযোগ সেবায় বিঘ্ন হতে পারে: বিটিআরসি

দেশের শীর্ষ তিন মোবাইল অপারেটরের আগের বরাদ্দ তরঙ্গের সঙ্গে নতুন কেনা তরঙ্গ সমন্বয়ের প্রক্রিয়ার সময় টেলিযোগাযাগ সেবায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2021, 08:28 PM

Updated : 02 Aug 2022, 05:36 PM

প্রথম ধাপে বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার সকাল ৭টা এবং দ্বিতীয় ধাপে ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল ফোন ব্যবহারকারীরা কিছুটা সমস্যায় পড়তে পারেন বলে বিটিআরসি জানিয়েছে।

বুধবার বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ মার্চ নিলামের মাধ্যমে ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ৭ দশমিক ৪ মেগাহার্টজ এবং ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে ২০ মেগাহার্টজ সহ সর্বমোট ২৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ গ্রামীণফোন, রবি এবং বাংলালিংকে বরাদ্দ দেওয়া হয়েছে।

ফলে আগের বরাদ্দ তরঙ্গের সাথে নিলামে বরাদ্দ নতুন তরঙ্গ সমন্বয় করতে গিয়ে তরঙ্গ পুনর্বিন্যাস করতে হচ্ছে।

এ কারণে প্রথম ধাপে ১ থেকে ২ এপ্রিল ১৮০০ মেগাহার্টজ ব্যান্ড এবং ৭ থেকে ৮ এপ্রিল ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ পুনর্বিন্যাসের কাজে নির্দিষ্ট কিছু সময় মোবাইল নেটওয়ার্ক সেবায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিটিআরসি।