ভ্যাট ফাঁকি: ‘শেফস টেবিল’ ফুডকোর্টের ৩৬ দোকানের বিরুদ্ধে মামলা
ভ্যাট ফাঁকির অভিযোগে রাজধানীর মাদানি এভিনিউর ফুডকোর্ট ‘শেফস টেবিলের’ ৩৬টি খাবারের দোকানের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ২২ মার্চ সংস্থার সহকারী পরিচালক মুনাওয়ার মুরসালীনের নেতৃত্বে অভিযান চালিয়ে এই ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করা হয়। এরপর সোমবার মামলা করা হয় বলে জানিয়েছে অধিদপ্তর।
ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিলেন, “গত ২২ মার্চ ভ্যাট ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউনাইটেড গ্রুপের শেফস টেবিলের কম্পিউটারের তথ্য ও অন্যান্য বাণিজ্যিক দলিল জব্দ করা হয়। ওইসব দলিলপত্র বিশ্লেষণ করে দেখা গেছে খাবারের দোকানগুলো সম্মিলিতভাবে দুই কোটি ৬১ লাখ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে।”
“শিগগির এই মামলাটি ন্যায় নির্ণয়ের জন্য ঢাকা উত্তর কমিশনারেটের কাছে পাঠানো হবে,” বলেন মইনুল খান।
অনুসন্ধানে দেখা যায়, ওই ১১ মাসে ৩৬টি দোকানের প্রকৃত বিক্রি ছিল ২৩ কোটি ৪৯ লাখ টাকা এবং ভ্যাটযোগ্য বিক্রি ছিল ২০ কোটি ৪২ লাখ টাকা।
কিন্তু তারা ভ্যাট রিটার্নে বিক্রি দেখিয়েছে দুই কোটি ৮৩ লাখ টাকা । সে হিসাবে তারা ১৭ কোটি ৫৯ লাখ টাকার বিক্রয় তথ্য প্রদর্শন করেনি। এই গোপন করা বিক্রি করা খাবারে ভ্যাট ফাঁকি হয়েছে ২ কোটি ৬১ লাখ টাকার।
