২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইমপে চালু করল প্রাইম ব্যাংক

বেসরকারি প্রাইম ব্যাংকের কর্পোরেট গ্রাহকদের জন্য সর্বাধুনিক অমনি ডিজিটাল চ্যানেল ‘প্রাইমপে’ চালু করেছে প্রাইম ব্যাংক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2021, 08:15 PM

Updated : 02 Aug 2022, 05:32 PM

‘প্রাইমপে’র মাধ্যমে কর্পোরেট গ্রাহকগণ ভ্যাট, আবগারি ও আমদানি শুল্ক পরিশোধ করতে পারবেন বলে জানিয়েছে প্রাইম ব্যাংক।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, প্রাইমপের মাধ্যমে ব্যাংকে না গিয়েও ব্যাংকের কর্পোরেট গ্রাহকগণ যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে ভ্যাট, আবগারি ও আমদানি শুল্ক দিতে পারবেন।

এছাড়াও ‘প্রাইমপে’র মাধ্যমে গ্রাহকরা যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে সব ধরনের কেনাকাটার অর্থ পরিশোধের নির্দেশনা দিতে পারবেন।

ব্যাংকটি জানায়, দিনরাত ২৪ ঘন্টা এই অনলাইন পেমেন্ট সুবিধা পাওয়া যাবে এবং গ্রাহকরা এসএমএস ও ইমেলের মাধ্যমে বিল গ্রহণের প্রাপ্তিস্বীকার পেয়ে যাবেন।

প্রাইম ব্যাংকের নতুন এই সেবার মাধ্যমে এক একাউন্ট থেকে অন্য একাউন্টে অর্থ স্থানান্তর, অনলাইনে তৃতীয় ব্যাংক-এ আরটিজিএস, বিইএফটিএন এর মাধ্যমে অর্থ স্থানান্তর, কর্পোরেট চেক ও পে-অর্ডার ইস্যু, ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং প্রোগ্রামের আওতায় রিয়েল-টাইম পেমেন্ট, সব ধরনের কর্পোরেট এমআইএস এবং স্টেটমেন্টস পাওয়ার সুবিধা সহ আরও অনেক সুবিধা পাওয়া যাবে। 

প্রাইম ব্যাংক জানায়, ‘প্রাইমপে’ তে দৃঢ় ও সমৃদ্ধ এমআইএস ইঞ্জিন রয়েছে, যা ব্যাংকের গ্রাহকদের লেনদেন সম্পর্কিত সকল ধরনের রিপোর্ট ও প্রতিবেদন প্রদান করবে।

নতুন এই সেবা সম্পর্কে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শামস এ মোহাইমীন বলেন, “সরকারি পেমেন্ট প্রদানের এই সুবিধার ফলে কর্পোরেট গ্রাহকবৃন্দ উপকৃত হবে। এই মহামারীর সময়ে তাঁদের সময় ও পরিশ্রমের সাশ্রয় হবে।“

তিনি আরও বলেন, ‘প্রাইমপে’ সুরক্ষিত ও স্বচ্ছন্দ ডিজিটাল লেনদেন পরিষেবাটির মাধ্যমে প্রতিযোগিতামূলক এবং দ্রুত পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে গ্রাহকদের সহায়তা করবে।