২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈদেশিক কর্মসংস্থানে প্রতারণায় কোনো ছাড় নেই: মন্ত্রী

বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে হয়রানি বা প্রতারণার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ অবস্থানের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2020, 01:51 AM

Updated : 18 Aug 2022, 04:15 PM

শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইমরান আহমেদ বলেন, “দক্ষতা ও সচেতনতার অভাবে অনেক সময় বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতারণার ঘটনা ঘটে থাকে। মানবপাচার ও বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে হয়রানি বা প্রতারণার বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। এ ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তর সদা তৎপর।”

দক্ষতা ও সচেতনতা বৈদেশিক কর্মসংস্থানের জন্য অপরিহার্য উল্লেখ করে মন্ত্রী বলেন, “যথাযথ প্রশিক্ষণ ও সনদায়নের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করা হচ্ছে। বিদ্যমান শ্রমবাজার ধরে রাখাসহ নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধান করা হচ্ছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহামেদ চৌধুরী কিরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।