ইসলামী ব্যাংকের ২০০০তম এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২০০০তম এজেন্টসহ দেশব্যাপী ১২৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে।
রোববার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে এজেন্ট আউলেটগুলোর উদ্বোধন করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী ব্যাংক জানায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান।
উপ ব্যবস্থাপনা পরিচালক মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান মো. মাহবুব আলম।
মাহবুব উল আলম বলেন, “ব্যাংকের ৩৬৬টি শাখা ও ১৫১টি উপশাখার মতো ২০৮১টি এজেন্ট ব্যাংকিং আউটলেটও ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ ইউনিট। এক সাথে ১২৭টি ব্যাংকিং ইউনিটের উদ্বোধন দেশের ব্যাংকিং খাতের জন্য দৃষ্টান্ত।”
তিনি জানান, এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরুর তৃতীয় বার্ষিকীতেই আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৭০০ কোটি টাকা, দৈনিক লেনদেন ৭৫০ কোটি টাকা এবং দৈনিক রেমিটেন্স সরবরাহ ১৫০ কোটি টাকা চলতি বছরে ইসলামী ব্যাংকের এজেন্টের মাধ্যমে ২১ হাজার ২৩০ কোটি টাকা রেমিট্যান্স আহরিত হয়েছে।
তিনি বলেন, “এই ব্যাংক ফিনটেকের ব্যবহার ও ডিজিটাল ব্যাংকিং সেবায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ আর্থিক খাতে লেনদেনে উৎকর্ষ সাধনে সাড়া ফেলেছে।”
