এসআইবিএলের ইজিএম অনুষ্ঠিত
বেসরকারি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের নবম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এই সাধারণ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ। এতে পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডারদের অংশগ্রহণ করেন বলে জানায় ব্যাংকটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোশ্যাল ইসলামী ব্যাংক জানায়, এই বিশেষ সাধারণ সভায় ব্যাংকের অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে তিন হাজার কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের শর্তানুযায়ী প্রস্তাবিত পাঁচশত কোটি টাকার মুদারাবা পারপিচ্যুয়াল বন্ডের মূল্য কমন শেয়ারে রূপান্তরের বিষয়টিও অনুমোদন হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী ও ব্যাংকের কোম্পানি সচিব আব্দুল হান্নান খান সভায় উপস্থিত ছিলেন।
পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ব্যাংকের চেয়ারম্যান মো. আনোয়ারুল আজিম আরিফ ব্যাংকের প্রতি আস্থা, সহযোগিতা এবং সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ, শেয়ারহোল্ডার এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী বলেন, “বর্তমানে সোশ্যাল ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের সঠিক এবং সময়োপযোগী সিদ্ধান্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।”
