ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ এর প্ল্যাটিনাম স্পন্সর ইভ্যালি
ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ এর প্ল্যাটিনাম স্পন্সর হয়েছে দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম ডট বিডি।
তিন দিনব্যাপী এই মেলা বুধবার শুরু হয়ে শুক্রবার শেষ হবে।
সীমিত পরিসরে সরাসরি উপস্থিতি এবং ভার্চুয়াল আয়োজনের সংমিশ্রণে সপ্তমবারের মতো অনুষ্ঠেয় ডিজিটাল ওয়ার্ল্ড এর সাথে প্রথমবারের মতো যুক্ত হল ইভ্যালি।
এবার প্রথমবারের মতো অনলাইনে এই মেলা অনুষ্ঠিত হবে। তবে উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান সরাসরি উপস্থিতিতে ফিল্ম অ্যান্ড আর্কাইভ অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
বুধবার সকাল ১১টায় ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
বৃহস্পতিবার বিভিন্ন দেশের মন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মিনিস্ট্রিয়াল কনফারেন্স।
এতে মূল বক্তা হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
এছাড়াও পুরো আয়োজনে ২৪টি বিষয়ভিত্তিক সেমিনার, কনফারেন্স, প্রদর্শনী, ডিজিটাল ওয়ার্ল্ড সম্মাননা, ভার্চুয়াল মুজিব কর্নার এবং ভার্চুয়াল মিউজিক্যাল কনসার্টের মতো আয়োজন থাকছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
এবারের আয়োজনে দেশ-বিদেশ থেকে ১০ লাখের বেশি দর্শনার্থী ও অংশগ্রহণকারী ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ ভার্চুয়াল প্ল্যাটফর্মে পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।
