শাহজালাল বিমানবন্দরে সিটি ব্যাংকের নতুন লাউঞ্জ
সিটি ব্যাংক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন আঙ্গিকে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জটি উদ্বোধন করেছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ব্যাংকটি।
এতে বলা হয়, বিমানবন্দরের এ লাউঞ্জটি বাংলাদেশের ‘প্রথম আন্তর্জাতিক মানের’ একটি লাউঞ্জ। ২০১০ সাল থেকে এটি আমেরিকান এক্সপ্রেস গ্রাহকদের বিশেষায়িত সেবা দিয়ে আসছে।
লাউঞ্জটি আধুনিকায়নের ফলে এখন ৬০ জন অতিথি বসতে পারবেন এক সঙ্গে। একটি প্রশস্ত অভ্যর্থনা লবি থাকছে। প্রশস্ত বুফে এরিয়ায় ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে তৈরি করা খাবার এবং পানীয় সরবরাহ করা হবে।
“বিশেষভাবে সুসজ্জিত রানওয়ে ভিউয়ে বসার ব্যবস্থাসহ গ্রাহকেরা বিভিন্ন খাবার উপভোগ করবেন,” বলা হয় বিজ্ঞপ্তিতে।
এছাড়া লাউঞ্জে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের লেখা চিঠি নিয়ে রয়েছে বিশেষ একটি গ্যালারি।
সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার মঙ্গলবার লাউঞ্জটি উদ্বোধন করেন। বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড কোম্পানির সেক্রেটারি নাজমুস সাদাত সেলিমও অনুষ্ঠানে ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের জেনারেল ম্যানেজার মার্ক রাইসিংগার, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, হেড অব ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস মো. জাফরুল হাসান, হেড অব কার্ডস আরিফুর রহমান।
সিটি ব্যাংক বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডের একমাত্র ইস্যুকারী প্রতিষ্ঠান।
