২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যাট ফাঁকি: নাম বদলেও রক্ষা পেল না শাহবাগের রেস্তোরাঁ

রাজধানীর শাহবাগের একটি রেস্তোরাঁ ভ্যাট ফাঁকি দিতে নাম পরিবর্তন করেও রেহাই পায়নি, কারসাজি ধরে ফেলেছে ভ্যাট গোয়েন্দারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2020, 10:45 PM

Updated : 10 Oct 2022, 07:31 PM

সম্প্রতি শাহবাগের নিউ মৌলী রেস্টুরেন্টে অভিযানে চালিয়ে তাদের ২ লাখ ৯৫ হাজার টাকার অডিট আপত্তির হিসাব বের হয়েছে।

ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রয়োজনীয় ব্যবসায়ী দলিলাদি যাচাই করে দেখা যায় এই রেস্টুরেন্টের আগের নাম ছিল ‘মৌলী স্ন্যাক্স’। তখন অপরিশোধিত পুরনো বকেয়ার প্রমাণও মিলে।

“ভ্যাট গোয়েন্দা মনে করে আগের সেই পাওনা ভ্যাট ফাঁকি দিতেই এই ব্যবসা প্রতিষ্ঠানটি মৌলী স্ন্যাক্স থেকে নিউ মৌলী রেস্টুরেন্ট নামে পরিবর্তন করে।”

অভিযানের সময় গোয়েন্দা দল রেস্তোরাঁয় উপস্থিত ভোক্তাদের সংখ্যা ও পরিশোধিত ভ্যাটের সাথে বিস্তর গরমিল পান। কাউন্টার যাচাই করে দেখা যায়, তারা ভ্যাট আইন অনুসারে রেজিস্টার ও অন্যান্য হিসাবপত্র সংরক্ষণ করেন না। কোন ভোক্তাকে প্রকৃত ভ্যাট চালানও দেওয়া হয় না।

রেস্তোরাঁর বিভিন্ন স্থান থেকে ৫৪ দিনের একটি কাঁচা চালানের বিক্রয় হিসাব পাওয়া যায়, যাতে ২৬ লক্ষ টাকা বিক্রিতে ২ লাখ ১৭ লাখ টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ মিলে।

অনুসন্ধানে দেখা যায়, ধানমণ্ডি ভ্যাট সার্কেলে তারা প্রতি মাসে ভ্যাট জমা দিয়ে আসছে মাত্র ৫ থেকে ১০ হাজার টাকা। বাড়ি ভাড়া ও সুদসহ এ সময়ে নিউ মৌলী রেস্টুরেন্ট ভ্যাট ফাঁকি দিয়েছে ২ লাখ ৯২ হাজার টাকা।

এই হিসাব আমলে নিয়ে এই রেস্তোরাঁ ২০১৫-১৬ থেকে ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত প্রায় ৮৭ লাখ ৫৬ হাজার টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে।

ভ্যাট ফাঁকির অভিযোগে রেস্তোরাঁটির বিরুদ্ধে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরে মামলা করার পাশাপাশি ভ্যাট ফাঁকি ও পূর্বের বকেয়া আদায়ে দ্রুত ব্যবস্থা নিতে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটকে অনুরোধ করা হয়েছে।

এদিকে রাজধানীর পান্থপথ সংলগ্ন গ্রিন রোডে গ্রিন চিলি ফাস্ট ফুড এন্ড মিনি চায়নিজ রেস্টুরেন্টে অভিযান চালায় ভ্যাট গোয়েন্দার দল।

গোয়েন্দারা অভিযান করে দেখতে পান যে, কোন ভ্যাট চালান ছাড়াই তারা খাবার পণ্য বিক্রয় করছেন। তাৎক্ষণিকভাবে গোয়েন্দা দল রেস্তোরাঁর পাঁচ মাসের কাঁচা রেজিস্ট্রারে গোপন বিক্রয় তথ্য উদ্ধার করেন। এতে ভ্যাট ফাঁকি নির্ণয় করা হয় ৭ লাখ ২৬ হাজার টাকা।

ভ্যাট গোয়েন্দা দলের অনুসন্ধানে এই হিসাবে রেস্তোরাঁটি গত ৫ বছরে ৩৮ লাখ ১৬ হাজার টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে।

এই রেস্টুরেন্টের বিরুদ্ধেও মামলার পাশপাশি তড়িৎ ব্যবস্থা নেয়ার জন্য ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটকে অনুরোধ করেছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।