২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উজালা পেইন্টসের ‘২৭ কোটি টাকা ভ্যাট ফাঁকি’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর উজালা পেইন্টস ফ্যক্টরির ১৪৭ কোটি টাকার গোপন বিক্রয় তথ্য উদঘাটনের কথা জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2020, 10:25 PM

Updated : 18 Aug 2022, 03:52 PM

এতে প্রতিষ্ঠানটি ২৭ কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে দাবি করে এনিয়ে ভ্যাট কমিশনারেটের কাছে মামলা করা হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

সম্প্রতি ঢাকার বাংলামোটরে এএইচএন টাওয়ারে উজালা পেইন্টসের প্রধান কার্যালয়ে অভিযানে যায় ভ্যাট গোয়েন্দারা।

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, “উজালা পেইন্ট ফ্যাক্টরিটি সুকৌশলে নিজস্ব বাণিজ্যিক দলিলাদি প্রধান কার্যালয়ে গোপন করে রেখেছিল। কারখানা প্রাঙ্গণে এর পূর্বে ভ্যাট কর্মকর্তারা তল্লাশি করলেও এসব তথ্য পায়নি।”

অনুসন্ধানে পাওয়া যায়, গত ২০১৪ সালের এপ্রিল মাস থেকে ২০২০ সালের আগস্ট পর্যন্ত তারা ভ্যাট রিটার্নে ২৫৬ কোটি টাকা বিক্রয় প্রদর্শন করেছে। এই বিক্রির বিপরীতে এই ব্যবসা প্রতিষ্ঠানটি ভ্যাট পরিশোধ করে ৫১ কোটি টাকার।

কিন্তু বাংলামটরের প্রধান কার্যালয় থেকে জব্দকৃত কাগজ অনুসারে প্রকৃত মোট বিক্রি পাওয়া যায় ৪০৩ কোটি টাকা। এতে ১৪৭ কোটি টাকা বিক্রির তথ্য গোপন করা হয়েছে।

৮ কোটি টাকা দিয়েছে পূবালী ব্যাংক

পূবালী ব্যাংক দুই অর্থবছরের নিরীক্ষা থেকে বেরিয়ে আসা প্রায় আট কোটি টাকার ভ্যাট সরকারের কোষাগারে জমা দিয়েছে বলে জানিয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।

এনবিআর ২০১৭-১৯ দুই অর্থবছরের হিসাব নিরীক্ষা থেকে পূবালী ব্যাংক থেকে সরকারের পাওনা প্রায় আট কোটি টাকা পরিশোধ না করার অনিয়ম উদঘাটন করে।

ওই অর্থ বৃহস্পতিবার সরকারের কোষাগারে ব্যাংকটি জমা দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।