শিক্ষাগুরুদের প্রতি প্রাইম ব্যাংককর্মীদের শ্রদ্ধা
‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে বাংলাদেশের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছে প্রাইম ব্যাংক কর্মকর্তারা।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাইম ব্যাংক।
এতে বলা হয়, “এ দিন প্রাইম ব্যাংকের কর্মকর্তাবৃন্দের প্রাইভেট সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে স্মরণীয় স্মৃতি ও জীবন বদলে দেওয়া গল্প শেয়ার করছেন কর্মকর্তারা।”
যে কোনো মানুষের জীবনের সফলতার পেছনে শিক্ষকের ভূমিকার কথা স্মরণ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “শিক্ষক হলেন মানুষ তৈরির কারিগর। বাবা-মায়ের পরেই যিনি ন্যায়, নীতি, নৈতিকতা ও আদর্শের শিক্ষা দিয়ে পরিপূর্ণ ও বিবেকবান মানুষ হিসেবে গড়ে তোলেন তিনি হলেন শিক্ষক।
“শিক্ষকের কাছ থেকে প্রাপ্ত জ্ঞান ও শিক্ষা সকলের জীবনের চলার পথের পাথেয়। তিনি শিক্ষার্থীদের শেখান মাথা উঁচু করে দাঁড়াতে। জীবনে সততা ও ন্যায়পরায়ণতা বজায় রাখতে এবং সততার প্রশ্নে আপসহীন থাকতে।”
শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের মাধ্যমে তাদের ঋণ কিছুটা হলেও শোধ করা যাবে, বলা হয় বিজ্ঞপ্তিতে।
