বসুন্ধরা ফুড চেইনের খাবার ইভ্যালিতে
অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম ডটবিডি’তে পাওয়া যাবে বসুন্ধরা ফুড চেইনের খাবার।
বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন তিনটি চেইন রেস্টুরেন্ট বাবা রাফি বাংলাদেশ, সানফ্লাওয়ার রেস্টুরেন্ট এবং দ্য ফুড হলের খাবার এখন থেকে ইভ্যালিতেই অর্ডার করতে পারবেন গ্রাহকেরা।
রোববার দুই প্রতিষ্ঠানের মধ্যে এনিয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় বলে ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রাজধানীর বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এ অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভির ও পরিচালক ইয়েসা সোবহান এবং ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল উপস্থিত ছিলেন।
বসুন্ধরা গ্রুপের পক্ষে ইয়েসা সোবহান এবং ইভ্যালির পক্ষে শামিমা নাসরিন চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এই চুক্তি অনুসারে, বসুন্ধরা আবাসিক এলাকা, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এবং পূর্বাচল ৩০০ ফিট সড়ক সংলগ্ন মেহেদি ফুড কোর্টসহ রাজধানীতে অবস্থিত বসুন্ধরা ফুড চেইনের আওতাভুক্ত রেস্টুরেন্টগুলোর খাবার ইভ্যালিতেই অর্ডার করতে পারবেন গ্রাহকরা। বাবা রাফি বাংলাদেশ, সানফ্লাওয়ার রেস্টুরেন্ট এবং দ্য ফুড হলে গ্রাহকদের অর্ডার করা খাবার সরবরাহ করবে ইভ্যালি।
চুক্তি স্বাক্ষর বিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, “ই-ফুড নামে ইভ্যালির ফুড ডেলিভারি সেবা কার্যক্রম শুরু করে মাত্র দুই মাস আগে। ইভ্যালিতে নিবন্ধিত প্রায় ৩৫ লাখ গ্রাহক আছেন যাদেরকে আমরা এই ফুড ডেলিভারি সেবা দিতে চাই। সেই লক্ষ্যে আজকে আমরা বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বাবা রাফি, সানফ্লাওয়ার রেস্টুরেন্ট এবং দ্য ফুড হলের সাথে চুক্তি করি।”
