২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়মন্ড ওয়ার্ল্ডের ‘নতুন শুরুতে’ থাকছে ঋণ সুবিধাও

মহামারীর ধাক্কা সামালে নতুন উদ্যমে বেচা-বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে স্বর্ণালঙ্কারের দেশীয় ব্র্যান্ড ডায়মন্ড ওয়ার্ল্ড। এবার কিস্তিতে গহনার দাম পরিশোধের পাশাপাশি অলঙ্কার রেখে তারা ঋণ সুবিধা দেওয়ারও ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2020, 06:43 PM

Updated : 18 Aug 2022, 03:30 PM

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শতভাগ স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে ডায়মন্ড ওয়ার্ল্ডের শো রুমগুলো আবার চালু হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘নিউ বিগিনিং’।

কোরবানির ঈদ উপলক্ষে আগামী ৩১ জুলাই রাত পর্যন্ত শো রুমগুলো খোলা থাকবে।

করোনাভাইরাসের মহামারী শুরুর পর চলতি বছরের শুরু থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে একে এক স্থবিরতা নামে। তবে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে বিভিন্ন দেশ আবার জীবনযাত্রা গতিশীল করতে শুরু করেছে।

নতুন শুরুর নাম দেওয়া হয়েছে নিউনরমাল বা নিউবিগিনিং।

শো রুম চালু করার পাশাপাশি অনলাইনে ডিজাইন দেখিয়ে পণ্য বিক্রির ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড।

করোনাভাইরাসের নেতিবাচক প্রভাবকে মাথায় রেখে ক্রেতাদের আরও কিছু সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন অফারের মধ্যে রয়েছে ইএমআই পদ্ধতিতে টাকা পরিশোধ ও বুকিং সুবিধা। ক্রেতারা যে কোনো গহনা কিনে ১২টি কিস্তিতে ধীরে ধীরে টাকা পরিশোধ করতে পারবেন।

ক্রেতাদের নিজের মালিকানায় থাকা গহনা আর মেমো নিয়ে আসতে পারলে ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে ‘গোল্ড লোন’ পাওয়া যাবে বলেও জানানো হয়।

প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেইসবুক পেইজে প্রতিনিয়তই অফারগুলোর বিষয়ে ডিজিটাল কনটেন্ট আপলোড করা হচ্ছে। ক্রেতারা এই মহামারীকালে কেনাকাটায় সর্বোচ্চ ৩৫ শতাংশ ছাড় পাবেন বলেও ডায়মন্ড ওয়ার্ল্ড জানিয়েছে।