২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহামারীতে ভাবমূর্তি রক্ষায় কী করেছে বিমান: সংসদীয় কমিটি

করোনাভাইরাস মহামারীর মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ বিমানের ভাবমূর্তি বাড়াতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2020, 04:54 PM

Updated : 18 Aug 2022, 03:30 PM

একইসঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপ সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কমিটির সদস্য সৈয়দা রুবিনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোভিড-১৯ মহামারীর সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটে বাংলাদেশ বিমান চলাচলের ক্ষেত্রে ভাবমূর্তি বৃদ্ধি করতে কী কী ব্যবস্থা নিয়েছে এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই। সেজন্য মন্ত্রণালয়কে প্রস্তুতি নিয়ে আগামী বৈঠকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন কেবল লন্ডন, দুবাই, আবুধাবি ও চীনে সরাসরি ফ্লাইট চলাচল করছে। আর ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্থান ইজারা দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা রয়েছে, তা আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, তানভীর ইমাম, আনোয়ার হোসেন খান ও সৈয়দা রুবিনা আক্তার অংশ নেন।