ডিএনসিসির ডিজিটাল হাটে ‘নগদে’ লেনদেনের সুযোগ
নাগরিক ভোগান্তি ও কোভিড-১৯ মহামারীতে স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবারের কোরবানির ঈদে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) শুরু হওয়া ‘ডিজিটাল হাটে’ সহযোগী হয়েছে ডিজিটাল আর্থিক লেনদেন সেবা ‘নগদ’।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির ডিজিটাল হাট থেকে পশু কেনার পর একজন ক্রেতাকে টাকা পরিশোধে ঘরের বাইরে যেতে হবে না। ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদের মাধ্যমে তারা টাকা পরিশোধ করতে পারবেন। এর ফলে একজন বিক্রেতাও খুব সহজে পশু বিক্রির টাকা পেয়ে যাবেন।
সম্প্রতি চালু হওয়া এই ডিজিটাল হাটে এরই মধ্যে ৩৪টি অনলাইন প্ল্যাটফর্মের সহায়তায় দেড় হাজারের বেশি পশু সংযুক্ত হয়েছে।
নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক বলেন, “একজন জনমানুষের জীবন সহজ করার জন্য ‘নগদ’ প্রথম থেকে কাজ করছে। কোরবানির পশুর হাটে পশু কেনা-বেচায় অনেক ধরনের সমস্যা পোহাতে হয়। বিশেষ করে একজন বিক্রেতা তার পশু বিক্রির টাকা নিয়ে উদ্বিগ্ন থাকেন, কিন্তু ‘নগদ’ সেই উদ্বেগ একদম কমিয়ে দিয়ে একটি সহজ সমাধান নিয়ে এসেছে।”
এ পর্যন্ত ১৫ হাজারের অধিক ভিজিটর অনলাইন এই প্ল্যাটফর্মে তাদের পছন্দসই পশুটি যাচাই-বাছাইয়ের চেষ্টা করেছেন বলে জানান হয় বিজ্ঞপ্তিতে।
