২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলের ৫ হাজার পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও সিটি গ্রুপ যৌথভাবে করোনাভাইরাস মহামারীতে সংকটে পড়া টাঙ্গাইলের মির্জাপুরের ৫ হাজার পরিবারের প্রায় ২৫ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2020, 02:13 AM

Updated : 18 Aug 2022, 03:30 PM

কোভিড-১৯ মহামারীর এই সময়ে খাদ্য সংকটে পড়া মফস্বল ও গ্রামীণ জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই সহায়তা দেওয়া হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইংল্যান্ডভিত্তিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই সংকটময় সময়ে দেশের মানুষের পাশে দাঁড়াতে ইতোমধ্যেই নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন তারা। এই উদ্যোগটি কোভিড-১৯ মোকাবেলায় মফস্বল ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য নেওয়া ব্যাংকের প্রথম সহায়তা উদ্যোগ।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, “বিগত ১১৫ বছর বাংলাদেশের মানুষের সেবা প্রদানে ব্যাংকের দরজা সব সময় খোলা ছিল। ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে দ্রুত জরুরি সহায়তা সরবরাহ এবং একইসাথে অর্থনীতি পুনরুদ্ধারে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে কোভিড-১৯ চ্যালেঞ্জ মোকবেলায় বাংলাদেশ এবং দেশের জনগণকে সহযোগিতা করাই আমাদের মূল উদ্দেশ্য।”

তিনি বলেন, “কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও সিটি গ্রুপকে আমাদের সাথে অংশীদার হবার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। খুব শিগগিরই কোভিড-১৯ ক্ষতিগ্রস্তদের সহযোগিতা ও সমর্থনে আরও নতুন কার্যক্রম হাতে নিতে পারব বলে আশাবাদী।”  

কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রাজীব প্রসাদ সাহা বলেন, “কোভিড-১৯ মহামারীতে আক্রান্ত দরিদ্র ও অসহায় পরিবারগুলোর জন্য জরুরি খাদ্য সহায়তা প্রদানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে এই অংশীদারিত্বে আমরা বাধিত। এই দুঃসময়ে আমরা মানুষের চিকিৎসাজনিত প্রয়োজনীয়তার দিকে গুরুত্ব দিচ্ছি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে ধন্যবাদ এই সহযোগিতার জন্য।”