করোনাভাইরাসে আরেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজন ব্যাংক কর্মকর্তা মারা গেছেন।
তোফাজ্জল হোসেন ভুঁইয়া নামের এই কর্মকর্তা বেসরকারি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার এবং কেরানীগঞ্জের হাসনাবাদ শাখার ব্যবস্থাপক ছিলেন।তার বয়স হয়েছিল ৪৫ বছর।
এসবিএসি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তোফাজ্জল হোসেন সোমবার দুপুর ২টায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জুন মাসের শেষের দিকে তিনি অসুস্থ হন। গত ৫ জুলাই তার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। অসুস্থতার পর থেকে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন।
শ্বাসকষ্ট বাড়ায় ১৭ জুলাই ভোরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তোফাজ্জল হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায়। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী তোফাজ্জল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এক শোকবার্তায় তিনি বলেন, তোফাজ্জল হোসেন করোনাভাইরাস মহামারীকালে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখতে একজন ফ্রন্টলাইনার সেবক হিসেবে কাজ করেছেন। তার মৃত্যুতে এসবিএসি ব্যাংক পরিবার একজন গুরুত্বপূর্ণ সদস্য হারাল।
এর আগেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি কয়েকটি ব্যাংকের বেশ কয়েকজন ব্যাংক কর্মকর্তা মারা গেছেন।
বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়া নতুন করোনাভাইরাস সংক্রমণ এখন বাংলাদেশে বাড়ছে লাফিয়ে লাফিয়ে।
সোমবার সকাল ৮টা পর্যন্ত ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন শনাক্ত রোগী নিয়ে বাংলাদেশ এখন আক্রান্তের সংখ্যায় বিশ্বের শীর্ষ দেশগুলোর তালিকায় ১৭তম। এই ভাইরাসে দেশে ২ হাজার ৬৬৮ জন মারা গেছেন।
