২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রা লেনদেনে বিভ্রান্তিকর তথ্য: সতর্ক করা হল ব্যাংকগুলোকে

বিদেশি মুদ্রার লেনদেন বিষয়ে ব্যাংকগুলো তাদের গ্রাহকদের বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে বলে অভিযোগ পেয়ে ব্যাংকগুলোকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2020, 10:31 PM

Updated : 18 Aug 2022, 03:13 PM

বুধবার ‘বিদেশি মুদ্রা লেনদেন সম্পর্কিত হালনাগাদ অবস্থা’ শীর্ষক এক নির্দেশনায় এ বিষয়ে সতর্ক করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, এ ধরনের বিভ্রান্তিকর তথ্যে দেশের অর্থনীতি হুমকির সম্মুখীন হতে পারে; যা সার্বিক অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।

পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, “সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থার হালনাগাদ অবস্থা সম্পর্কে অবহিত না হয়ে বিদেশি মুদ্রা লেনদেনে অনুমোদিত ডিলার ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের বিভ্রান্তিকর তথ্য প্রদান করা হচ্ছে।”

অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা জানিয়ে বিদ্যমান উদার বিদেশি মুদ্রার লেনদেন ব্যবস্থা এবং এ সংক্রান্ত প্রতিনিয়ত পরিবর্তন বিষয়ে হালনাগাদ তথ্য বিদেশি মুদ্রায় লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার জানা থাকার উপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।