২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের সিএসআরের টাকা মহামারী মোকাবেলায় খরচের নির্দেশ

ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) স্বাস্থ্য খাতের বরাদ্দ কোভিড-১৯ মোকাবেলায় ব্যয় করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2020, 09:09 PM

Updated : 18 Aug 2022, 03:13 PM

সিএসআরের মোট বরাদ্দের ৬০ শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয় করার যে নীতিমালা ব্যাংকগুলোর রয়েছে সেই অংশের পুরোটা এই খাতে দিতে বলা হয়েছে।

বুধবার এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের জনস্বাস্থ্যে উদ্ভূত সঙ্কট মোকাবেলায় স্বাস্থ্য খাতে নানামুখী পদক্ষেপ গ্রহণ অত্যাবশ্যক হয়ে পড়েছে।

“এ লক্ষ্যে ব্যাংকের সিএসআর কর্মকাণ্ডের আওতায় কোভিড-১৯ রোগে আক্রান্ত জনগোষ্ঠীর চিকিৎসা ব্যবস্থায় অত্যাবশ্যকীয় মেডিকেল ইক্যুইপমেন্টস কেনা এবং স্বাস্থ্য সেবায় নিয়োজিত সকলের ঝুঁকি নিরসনে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী দেওয়ার মাধ্যমে সহযোগিতা করতে হবে।”

বাংলাদেশ ব্যাংকের সিএসআর ব্যয়ের নীতিমালা অনুযায়ী ব্যাংকগুলো তাদের মুনাফা থেকে যে টাকা সিএসআর খাতে জনকল্যাণমূলক বা দাতব্য কাজে ব্যয় করবে, সেজন্য তাদের কর দিতে হবে না।

সিএসআরে কত টাকা ব্যয় করা যাবে, তার কোনো সীমা বেঁধে দেওয়া নেই। তবে কোন খাতে কত অংশ ব্যয় করতে হবে তা নির্ধারণ করে দেওয়া আছে। সে অনুযায়ী সিএসআর খাতের মোট ব্যয়ের ৬০ শতাংশ স্বাস্থ্য খাতে, ৩০ শতাংশ শিক্ষা খাতে এবং ১০ শতাংশ জলবায়ু ঝূঁকি তহবিল খাতে ব্যয় করতে পারে ব্যাংকগুলো।

সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো ওই সার্কুলারে সিএসআরের স্বাস্থ্য বরাদ্দের অংশ দিয়ে পিসিআর মেশিন, ভেন্টিলেটর মেশিন, অক্সিজেন সিলিন্ডার কিনে কিংবা স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে সহযোগিতা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

সেই সঙ্গে এই সহযোগিতা যেন জেলা পর্যায়েও পৌঁছায়, সে ব্যবস্থা নিতে বলা হয়েছে সার্কুলারে।