২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চায়না সাদার্নকে ঢাকা-গুয়াংঝু ফ্লাইট বন্ধ রাখার নির্দেশ

যাত্রীদের মধ্যে কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ায় চায়না সাদার্ন এয়ারলাইন্সকে আগামী চার সপ্তাহ ঢাকা-গুয়াংঝু ফ্লাইট পরিচালনা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চীন সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2020, 05:55 PM

Updated : 08 Apr 2022, 12:55 AM

চীনের এই এয়ারলাইন্সটির একটি ফ্লাইট ঢাকা থেকে গত বৃহস্পতিবার গুয়াংজু পৌঁছনোর পর ১৭ জন কোভিড-১৯ রোগী ধরা পড়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মো.মফিদুর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এয়ারলাইন্সটি স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বলে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।”

আগামী ২২ জুন থেকে চার সপ্তাহ চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএসি) এই নিষেধাজ্ঞা দিয়েছে বলে জানান বেবিচক চেয়ারম্যান।

নতুন করোনাভাইরাসের সংক্রমণ প্রথমে চীনেই ধরা পড়েছিল, পরে তা সারাবিশ্বে ছড়িয়ে মহামারী আকার ধারণ করে।

এই মহামারীতে বাংলাদেশের সঙ্গে অন্য সব দেশের বিমান চলাচল গত তিন মাস ধরে বন্ধ থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ায় চীনের সঙ্গে ফ্লাইট চলছিল।

ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও চায়না সাদার্ন এয়ারলাইন্সই সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করে আসছে।

বেবিচক চেয়ারম্যান মফিদুর বলেন, “বৃহস্পতিবার চায়না সাদার্ন এয়ারলাইন্সের ঢাকা থেকে গুয়াংঝুগামী একটি ফ্লাইটে ১৭ জন চীনের নাগরিক তাদের দেশে পৌছালে তাদের করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফল পজিটিভ আসলে তাদের ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।”

তিন মাস আগে বিশ্বে বিমান চলাচল বন্ধ হওয়ার সময় করোনাভাইরাস আক্রান্ত সবচেয়ে বেশি রোগী ছিল চীনে; শনিবার বাংলাদেশে শনাক্ত রোগীর সংখ্যা চীনকে ছাড়িয়ে গেছে।