২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ এর আম সংগ্রহ শুরু

ম্যাংগো ড্রিংক, জুস, ম্যাংগো বার, জেলি, আচারসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরির জন্য চলতি বছর আম সংগ্রহ ও ‘পাল্পিং’ শুরু করেছে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী কোম্পানি প্রাণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2020, 08:59 PM

Updated : 18 Aug 2022, 03:11 PM

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক শনিবার ঢাকায় নিজের বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর গোদাগাড়ি বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও নাটোরের একডালায় প্রাণ এগ্রোর কারখানায় আম সংগ্রহ ও পাল্পিংয়ের এই কার্যক্রম শুরু হয়েছে।

প্রতিবছরের মতো চলতি মৌসুমেও নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, মেহেরপুর ও সাতক্ষীরা থেকে আম সংগ্রহ করছে প্রাণ। সংগ্রহের পর ওই দুটি কারখানায় আমের পাল্প তৈরি করা হচ্ছে।

এই পাল্প থেকেই সারাবছর তৈরি হবে ম্যাংগো ড্রিংক, জুসসহ বিভিন্ন খাদ্যপণ্য।

ভিডিও কনফারেন্সে কৃষিমন্ত্রী বলেন, “আমি মনে করি এ কর্মকাণ্ড যদি দেশবাসী দেখতে পারতেন, তাহলে তারা অনুধাবন করতে পারতেন কৃষকেরা এ কঠিন সময়ে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে কতটা ভূমিকা রাখছেন।”

কৃষি প্রক্রিয়াজাতকরণে প্রাণ এর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “এ খাতে প্রাণ পথ দেখিয়েছে। এখন অনেকেই এগিয়ে আসছেন যা দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখছে।”

ভিডিও কনফারেন্সে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে। মহামারীর সময় সরকার দেশের অর্থনীতিকে সচল রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যা প্রশংসনীয়। 

কৃষি সচিব নাসিরুজ্জামানও ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন।

বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রাজশাহী বিভাগের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সুধেন্দ্র নাথ রায় ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামছুল হক উপস্থিত ছিলেন।