২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে ১৬ জুন

করোনাভাইরাস মহামারীতে তিন মাস ব্ন্ধ থাকার পর ১৬ জুন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2020, 03:35 PM

Updated : 18 Aug 2022, 03:10 PM

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মো. মফিদুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ১৬ জুন থেকে সীমিত আকারে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দিচ্ছি।”

প্রথমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং কাতার এয়ারওয়েজ লন্ডন ও কাতার থেকে ফ্লাইট পরিচালনা করতে পারবে বলে জানান তিনি।

তবে কাতার এয়ারওয়েজের ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ থাকছে জানিয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, “কাতার শুধু ট্রানজিট প্যাসেঞ্জার বহন করবে। আর বিমান ঢাকা থেকে লন্ডনে সাধারণ যাত্রী বহন করতে পারবে। কাতার তাদের দেশে প্রবেশ এলাউ করছে না। আমরা এজন্য কাতারকে এলাউ করব না। সেজন্যই আমরা চাচ্ছি না যে কাতার থেকে কেউ চলে আসুক।”

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশ থেকে যাত্রীদের আসা বন্ধ করে বাংলাদেশ। পরে অন্যান্য দেশের সঙ্গেও ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।

কয়েক ধাপে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গন্তব্যে যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পর ঢাকা থেকে আভ্যন্তরীণ তিনটি রুটে ১ জুন থেকে ফ্লাইট চালু করা হয়েছে।