২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের পর্ষদ সভায় সশরীরে উপস্থিত থাকা যাবে

ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সভায় সশরীরে উপস্থিত থাকার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2020, 07:24 PM

Updated : 08 Apr 2022, 12:47 AM

কোভিড-১৯ মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে কম সংখ্যক সদস্য সরাসরি উপস্থিত হয়ে এবং বাকিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পর্ষদ সভায় অংশ নিতে পারবেন।

রোববার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তাতে বলা হয়েছে, গত ২৩ মার্চের সার্কুলারে করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্যাংকের পর্ষদ এবং পর্ষদের সহায়ক কমিটির সভায় স্বশরীরে উপস্থিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

তবে অর্থনীতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের মতো ব্যাংকিং কার্যক্রম গতিশীল করার আবশ্যকতা পরিলক্ষিত হচ্ছে। সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ধীরে ধীরে প্রত্যাহার করে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বিষয়ে ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা পরিপালন করে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে পরিচালনা পর্ষদ ও পর্ষদের অন্যান্য সহায়ক কমিটি তথা নির্বাহী, অডিট ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভায় নির্ধারিত সভাস্থলের পরিসর বিবেচনায় যথাসম্ভব কম সংখ্যক সদস্য সরাসরি অংশ নিতে পারবেন। বাকি সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেবেন।

অবশ্য ব্যাংক কর্তৃপক্ষ চাইলে নিজস্ব বিবেচনায় সম্পূর্ণভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা করতে পারবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেওয়া পরিচালকরাও যথা নিয়মে সম্মানী পাবেন বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।