২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: সুরক্ষা ও সেবায় মডেল গ্রুপের নানা উদ্যোগ

করোনাভাইসরাস থেকে নিজ কারখানার শ্রমিকদের সুরক্ষার পাশাপাশি জনগণের সেবার এগিয়ে এসেছে নারায়ণগঞ্জের পোশাক তৈরি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মডেল গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2020, 11:53 PM

Updated : 10 Oct 2022, 07:10 PM

শুক্রবার প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আমলে নিয়ে ক্রেতাদের চাহিদা অনুসারে পোশাক সরবাহের জন্য সরকারের নির্দেশনা মেনে কারখানা চালু করা হয়েছে। শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইতোমধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ হতে পরিদর্শনে এসে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান-বিন-মুহাম্মদ আলী প্রশংসা করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান বলেন, “সরকারি নির্দেশনা অনুসারে আমরা আমাদের কারখানা পরিচালনা করছি। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে।”

নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ’র সাবেক সহ-সভাপতি মাসুদুজ্জামান বলেন, “শ্রমিকদের দোর গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা একটি দল গঠন করেছি। ডাক্তার ও নার্সদের সম্বনয়ে তৈরি এ দলটি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে।”

প্রতিষ্ঠানটির নেওয়া উদ্যোগগুলোর মধ্যে রয়েছে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মোতাবেক কারখানায় অভ্যন্তরে ও প্রবেশমুখে সব রকমের জীবাণু প্রতিরোধী ব্যবস্থা, কর্মীদের সামাজিক দূরত্ব বজায় রেখে কারখানায় প্রবেশ, বহিরাগতদের কারখানায় প্রবেশ নিষিদ্ধ করা ইত্যাদি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মডেল গ্রুপের পক্ষ থেকে নারায়ণগঞ্জের পোশাক কর্মীসহ ১৫ হাজার পরিবারকে দেড় কোটি টাকার খাবারের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

এছাড়া করোনাভাইরাস মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালনকারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায়ও সাহায্যের হাত বাড়িয়েছে মডেল গ্রুপ। দেড় কোটি টাকা ব্যয় করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুসারে পিপিই, সার্জিক্যাল মাস্ক, থার্মোমিটার গগলস ও প্রোটেকটিভ শিল্ড এবং হ্যান্ড গ্লাভস আমদানি করে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের মাধ্যমে এসব চিকিৎসা সামগ্রী নারায়ণগঞ্জের বিভিন্ন স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকে সরবরাহ করা হয়েছে।

জরুরি ব্যবস্থা হিসেবে সঙ্গনিরোধকরণ (আইসোলেশন) সুবিধাসহ সব ধরনের সরঞ্জাম সম্বলিত মেডিকেল সেন্টার তৈরি করা হয়েছে নিজেদের কারখানাতেই এবং সন্দেহভাজন রোগীদের সেবায় মানসম্পন্ন পিপিইসহ ডাক্তার ও ক্লিনারদের একটি টিমও গঠন করা হয়েছে।

জরুরি প্রয়োজনে কর্মীদের চিকিৎসাসেবা নিশ্চিতে গ্রুপটি স্থানীয় একটি হাসপাতালের সাথে চুক্তিবদ্ধও হয়েছে। পাশাপাশি রোগী পরিবহনের জন্যও একটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।