কোভিড-১৯: ভরা মৌসুমে মোবাইল বিক্রিতে বড় ধাক্কা
অন্যান্য ব্যবসার মতো মোবাইল ফোনের বিক্রিতেও লেগেছে করোনাভাইরাস মহামারীর ধাক্কা। বছরে দুই ঈদ ঘিরে মোবাইল ফোনের বিক্রি বাড়ে। কিন্তু এবার মহামারীর কারণে লক্ষ্যের তিনভাগের একভাগও বিক্রি হবে না বলে শঙ্কা প্রকাশ করছেন বিভিন্ন কোম্পানির কর্তাব্যক্তিরা।
টানা দেড় মাস ‘সাধারণ ছুটি’র পর সরকার বিপণী বিতান খোলার অনুমতি দিলেও এখনও অনেক মার্কেট, শপিং মল বন্ধ। অনেক বিপণী ঈদের আগে খোলার সম্ভাবনাও নেই। ব্যবসায়ীরা মনে করছেন, আশানুরূপ বিক্রি না হলে তার জের বছর জুড়ে টানতে হতে পারে।
মোবাইল হ্যান্ডসেট আমদানিকারকদের সংগঠন বাংলাদশে মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) সাধারণ সম্পাদক জাকারিয়া শাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এপ্রিল মাসে কোনো মার্কেটে হ্যান্ডসেট বিক্রি হয়নি। চলতি মাসে দোকানপাট কিছু খোলা হলেও বড় বড় মার্কেটের আউটলেটগুলো বন্ধ রয়েছে। বিক্রিতে এখনও তেমন সাড়া নেই।”
পরিস্থিতি না বদলালে সামনে আরও খারাপ অবস্থা হতে পারে জানিয়ে তিনি বলেন, “কোরবানির ঈদ নাগাদ এই অবস্থা চলতে থাকলে পুরো সেক্টরে ভয়ংকর অবস্থা দাঁড়াবে, কারণ এই দুই সিজনেই হ্যান্ডসেট সবচেয়ে বেশি বিক্রি হয়।”
সরকারের নির্দেশনা অনুযায়ী, ১০ মে থেকে বিপণী বিতান প্রতিদিন বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে রাজধানীর বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক বন্ধ রয়েছে। এ দুটি মার্কেটেই বিভিন্ন নামিদামী ব্র্র্যান্ডের মোবাইল ফোনের শোরুম থেকে শুরু করে কয়েকশ আউটলেট রয়েছে।
বিএমপিআইএ যুগ্ম সম্পাদক মো. মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমানে দেশে (বছরে) ১০ হাজার কোটি টাকার হ্যান্ডসেট মার্কেট রয়েছে। এপ্রিল মাসে কোনো বিক্রিই হয়নি। সে হিসাবে এপিলে মাসে প্রায় ৮০০ কোটি টাকার হ্যান্ডসেট বিক্রি হয়নি।”
ঈদের মৌসুমে প্রায় দেড় থেকে দুই হাজার কোটি টাকার হ্যান্ডসেট বিক্রি হয় জানিয়ে স্যামসাং পণ্যের বাজারজাতকারী প্রতিষ্ঠান ফেয়ার ইলেক্ট্রনিক্সের এই প্রধান বিপণন কর্মকর্তা বলেন, “মে মাসে লকডাউন শিথিল করার পর সামান্য বিক্রি হচ্ছে। তবে এ বিক্রি টার্গেটের তিনভাগের এক ভাগও হবে কিনা সন্দেহ রয়েছে।”
এবার ঈদে সব মিলিয়ে ৫০০ কোটি টাকার বেশি হ্যান্ডসেট বিক্রির সম্ভবনা নেই জানিয়ে মেজবাহ বলেন, “দেশে হ্যান্ডসেটের সাত হাজারের বেশি আউটলেট রয়েছে এবং ৩০ হাজারের বেশি কর্মী রয়েছে। বিক্রি না হওয়ায় এসব কর্মীদের বেতন নিয়ে সমস্যা তৈরি হবে।”
বিক্রি না হওয়ায় ভবিষ্যতে আরও সমস্যা হবে জানিয়ে তিনি বলেন, ব্যাংক লোন পরিশোধ নিয়েও সমস্যা শুরু হবে।
অনেকেই নতুন হ্যান্ডসেট আমদানি করবে না জানিয়ে মেজবাহ বলেন, “মাস তিনেক পর পুরান মডেলগুলো বাধ্য হয়েই কম দামে বা লস দিয়েই বিক্রি করতে হবে।”
তবে আউটলেটগুলোতে বিক্রি তেমন না হলেও অনলাইনে বিক্রি বেড়েছে জানিয়ে তিনি বলেন, অনলাইনে বিক্রি ৬ থেকে ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এই ধারা অব্যাহত রয়েছে।
ট্রানশান বাংলাদেশের (টেকনো ও আইটেল ব্র্যান্ড) সিইও রেজওয়ানুল হক বলেন, “সাধারণত প্রতি মাসে যে বিক্রি হয় ঈদের বাজারেও সেই বিক্রি নেই বরং তিন ভাগের এক ভাগে নেমেছে বিক্রি।”
খুব শিগগিরেই বাজার ঘুরে যাওয়ার বা বিক্রি শুরু হওয়ার সম্ভাবনাও দেখছেন না তিনি।
