বাংলাদেশকে ভেন্টিলেটর, পিপিই দিল এইচঅ্যান্ডএম
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বাংলাদেশকে আটটি ভেন্টিলেটর ও দেড় হাজার পিপিই দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় সুইডিশ পোশাক ব্র্যান্ড এইচঅ্যান্ডএম।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আসাদুল ইসলামের কাছে এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন এইচএন্ডএম কোম্পানির প্রতিনিধি বশিরুন নবী খান।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও সুইডেনের রাষ্ট্রদূত শার্লটা স্লাইটার উপস্থিত ছিলেন।
চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে করোনাভাইরাসের কারণে সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ক্রয়াদেশ বাতিল না করায় এইচঅ্যান্ডএম কোম্পানিকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
তিনি বলেন, “এ ক্ষেত্রে সুইডেনের এ কোম্পানি আদর্শ স্থাপন করেছে এবং অন্যান্য কোম্পনিরও উচিত তাদের মডেল অনুসরণ করা।”
এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুইডেনের প্রধানমন্ত্রীর ফোনালাপের প্রসঙ্গ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ”উভয় দেশ করোনার প্রভাব মোকাবিলায় একসঙ্গে কাজ করে যেতে চা্য়।”
সুইডেনের রাষ্ট্রদূত স্লাইটার বলেন, ”সুইডেন সব সময় বাংলাদেশের পাশে আছে এবং এখন সুইডেনের কোম্পানিও একই পথ অনুসরণ করছে। করোনাভাইরাস মোকাবেলায়ও আমরা একসঙ্গে কাজ করতে চাই।”
