২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলছে এপেক্সের কিছু দোকান

কোভিড-১৯ মহামারীর মধ্যে ঈদকে সামনে রেখে ‘স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে’ কিছু দোকান খুলছে জুতার ব্র্যান্ড এপেক্স ফুটওয়্যার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2020, 03:51 PM

Updated : 08 Apr 2022, 12:45 AM

‘আপনার সুরক্ষাই প্রধান প্রতিশ্রুতি’ এই স্লোগানকে সামনে রেখে রোববার থেকে সীমিত পরিসরে সারা দেশে কিছু সংখ্যক নিজস্ব আউটলেট ও ফ্রাঞ্চাইজি আউটলেট খোলা হচ্ছে বলে জানিয়েছেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অফ মার্কেটিং সাগ্নিক গুহ।

শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য বিধি মেনেই সারা দেশে আমাদের কিছু নিজস্ব আউটলেট ও ফ্রাঞ্চাইজি আউটলেট খোলা হচ্ছে।

“স্বাস্থ্য অধিদপ্তর যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবেই আউটলেটগুলো পরিষ্কার করা হয়েছে। দোকানের সব জায়গায় জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করা হয়েছে। বিক্রয় কর্মীদের শারীরিক পরীক্ষা যেমন- তাপমাত্রা, কাশি ইত্যাদি পর্যবেক্ষণ করা হবে।

স্টোরে প্রবেশের পূর্বে অবশ্যই সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করা, সব বিক্রয় কর্মীদের সবসময় ফেস মাস্ক এবং গ্লাভস পরিধান বাধ্যতামূলক করা থেকে শুরু করে, তিন ফুট দুরত্বে অবস্থানের জন্য ক্রেতাদের উৎসাহিত করা হবে।”

“এপেক্স কর্তৃপক্ষ বিশ্বাস করে, সবাই মিলে একসাথে স্বাস্থবিধি মেনে চললে এই মহামারী কোভিড-১৯ প্রতিহত করা সম্ভব,” বলেন সাগ্নিক গুহ।