২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ কারখানার শ্রমিকদের ৬৫% বেতন দিতে হবে

করোনাভাইরাস মহামারীর কারণে এপ্রিল মাসে বন্ধ থাকা পোশাক কারখানাগুলোকে তাদের শ্রমিকদের ৬৫ শতাংশ বেতন দিতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2020, 11:06 PM

Updated : 18 Aug 2022, 02:58 PM

মার্চের বেতন না পেয়ে কয়েকটি কারখানার শ্রমিকদের বিক্ষোভের মধ্যে সোমবার ঢাকায় শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

তবে এই সভার সিদ্ধান্তের অমত জানিয়েছে শ্রমিকদের একটি প্রতিনিধি দল। তারা সভা বর্জনের কথাও জানিয়েছে।  

এর আগে এপ্রিলে শ্রমিকরা ৬০ শতাংশ মজুরি পাবেন বলে সরকার-মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কয়েকটি শ্রমিক সংগঠন তা বাড়ানোর দাবি করায় তা আরও ৫ শতাংশ বাড়িয়ে ৬৫  শতাংশ করা হল বলে শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, ইতোমধ্যে এপ্রিলের মজুরির হিসাব চূড়ান্ত হয়ে যাওয়ায় বর্ধিত মজুরির ৫ শতাংশ শ্রমিকরা মে মাসের মজুরির সঙ্গে পাবেন। অর্থাৎ তা পাবেন জুন মাসে।

সভায় পরিবহন শ্রমিকদের নেতা ও সাবেক মন্ত্রী শাজাহান খান, সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, বিকেএমইএর সভাপতি একেএম সেলিম ওসমান এমপি, বিজিএমইএ সভাপতি রুবানা হক, শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম উপস্থিত ছিলেন।

নিট  পোশাক তৈরি ও  রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইর জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ হাতেম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, শ্রমিক নেতা মন্টু ঘোষ, আমিরুল হক আমিন, নাজমা আক্তার, বাবুল আখতার ও শহীদুল্ল্যাহ শহীদও বৈঠকে অংশ নেন।

ঈদের আগে শ্রমিকদের উৎসব ভাতা নিয়ে আগামী সপ্তাহে সরকার-মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলেও সভায় সিদ্ধান্ত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইসিবির প্রতিবাদ

সভায় শাহজান খানের নেতৃত্বে অংশ নেওয়া ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইসিবি) বলছে, মালিক পক্ষের প্রস্তাবে গৃহীত এই সিদ্ধান্তের বিরোধিতা করে তারা সভা বর্জন করেন।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় তারা শ্রমিকদের শতভাগ বেতন দেওয়ার দাবি জানালে বিজিএমইএ সভাপতি রুবানা হক, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমানসহ মালিক পক্ষের নেতারা মজুরি বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানান।

“এতে সভায় অচলাবস্থা সৃষ্টি হয়। দীর্ঘ সময় আলোচনার পর মালিক পক্ষের সালাম মুর্শেদী ও এ কে আজাদ ৬৫ শতাংশ মজুরি পরিশোধ করা হবে বলে জানালে আইসিবি নেতৃবৃন্দ তার বিরোধিতা করে সভাস্থল ত্যাগ করে।”

“আইসিবি মালিকদের এই সিদ্ধান্তে সম্মত জানায়নি, ফলে সর্বসম্মত কোনো সিদ্ধান্তও গৃহীত হয়নি,” বলা হয় বিজ্ঞপ্তিতে।