২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোজ্যতেল-চিনির দাম কমালো সিটি গ্রুপ

ভোগ্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ ভোজ্যতেল ও চিনির দাম কমিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2020, 05:58 PM

Updated : 08 Apr 2022, 12:43 AM

সোমবার থেকে প্রতিষ্ঠানটি তাদের তীর ব্র্যান্ডের সয়াবিন তেল লিটারপ্রতি ৫ টাকা ও চিনি কেজিপ্রতি ৩ টাকা কমিয়ে বিক্রি শুরু করেছে বলে সিটি গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় এ দুর্যোগকালে সরকারি প্রচেষ্টার সঙ্গে সংহতি রেখে ও রমজান মাসে ভোক্তাদের সুবিধার্থে এই মূল্যছাড় দেওয়া হচ্ছে।

এক লিটারের সয়াবিন তেলের বোতলের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ১০৫ টাকা নির্ধারণ করে দিয়েছে সিটি গ্রুপ। যা এতদিন ১১০ টাকায় বিক্রি হচ্ছিল।

একইভাবে লিটারে ৫ টাকা করে কমিয়ে দুই লিটারের বোতল ২০৮ টাকা ও পাঁচ লিটারের বোতল ৫০৫ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এ ছাড়া কেজিতে ৩ টাকা কমিয়ে ৭২ টাকার চিনি ৬৯ টাকা নির্ধারণ করেছে সিটি।