২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯ বিদ্যানন্দ ফাউন্ডেশনকে কোটি টাকা দিয়েছে এসএএএফ

কোভিড-১৯ মহামারী মোকাবিলায় দেশের প্রত্যন্ত অঞ্চলের ২২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিতে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে ১ কোটি ৫ লাখ টাকা দিয়েছে সুহানা এন্ড আনিস আহমেদ ফাউন্ডেশন-এসএএএফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2020, 01:57 PM

Updated : 10 Oct 2022, 07:09 PM

সোমবার ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এক টাকার আহার’ কার্যক্রম পরিচালনার জন্য কিশোর কুমার দাশ অসংখ্য স্বেচ্ছাসেবীর সহযোগিতায় বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেন। 

কোভিড-১৯ মহামারীতে বিদ্যানন্দ ফাউন্ডেশনই প্রথম অসহায় জনগোষ্ঠীকে খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা দিতে এগিয়ে আসে। এখন পর্যন্ত সংস্থাটি মোট ২ লাখ পরিবারকে খাবার প্রদান করেছে এবং প্রতিদিন ১৫ হাজার মানুষের খাদ্যের যোগান দিয়ে যাচ্ছে।

খাবার এবং পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি এখন অব্দি সংস্থাটি মোট ৫ হাজার  পিপিই এবং ২০ হাজার মাস্ক বিতরণ করেছে। চট্টগ্রামে প্রতিদিন ৯ হাজার পরিশোধক বিতরণ করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুহানা এন্ড আনিস আহমেদ ফাউন্ডেশনের আর্থিক আর্থিক সহায়তায় দেশের প্রত্যন্ত এলাকার ২২ হাজার পরিবারের কাছে খাবার পৌঁছে দেবে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

সামরিক বাহিনী, বিজিবি এবং স্থানীয় সংস্থাগুলোর সহায়তায় এই সংকটকালীন সময়ে প্রতি পরিবারের কাছে ৩ বেলার এই সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।

এই সহায়তার ৯০ শতাংশ বিতরণ করা হবে ঢাকার বাইরে; যেখানে থাকবে চাল, ডাল, তেল, আটা, লবণ, সুজি ইত্যাদি।