লকডাউনের মধ্যেও দিনে ২ লাখ লিটার দুধ সংগ্রহ করছে প্রাণ
কোভিড-১৯ মহামারীর সংক্রমণ ঠেকাতে সারা দেশে লকডাউনের মধ্যেও দিনে দুই লাখ লিটার দুধ সংগ্রহ করছে প্রাণ ডেইরী লিমিটেড।
মঙ্গলবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে চলমান লকডাউনের সময় যখন খামরীরা দুধ বিক্রিতে হিমশিম খাচ্ছেন, তখন দেশের শীর্ষস্থানীয় দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ ডেইরী তাদের নিজস্ব চুক্তিবদ্ধ খামারীদের কাছ থেকে নিয়মিতভাবে দুধ সংগ্রহ করছে।
“প্রায় ১২ হাজার চাষীর কাছ থেকে দৈনিক দুই লাখ লিটারের অধিক দুধ সংগ্রহ করছে প্রাণ ডেইরী।”
প্রাণ ডেইরীর প্রধান সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুর রহমান বলেন, ‘‘করোনাভাইরাসের প্রভাবে হোটেল, চা, মিষ্টির দোকান বন্ধ থাকায় এবং অনেকে দুধ কেনা বন্ধ করায় খামারিরা বিপাকে পড়েছেন। কিন্তু শত প্রতিকূলতার মাঝেও আমরা দুধ সংগ্রহ অব্যাহত রেখেছি।
“স্বাভাবিক সময় আমরা যে পরিমাণ দুধ আমাদের চাষীদের হতে সংগ্রহ করি, এখনও একই পরিমাণ দুধ সংগ্রহ করছি।”
তিনি বলেন, বর্তমানে পাবনার চাটমোহর, নাটোরের গুরুদাসপুর, সিরাজগঞ্জের শাহজাদপুর ও বাঘাবাড়ি ও রংপুরে প্রাণ ডেইরীর মোট পাঁচটি হাব রয়েছে। এসব হাবের অধীন ১০১টি দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্র রয়েছে। দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্রে খামারিরা সামাজিক দূরত্ব বজায় রেখে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে দুধ সরবরাহ করছে।
“দুধে ফ্যাটের পরিমাণের উপর নির্ভর করে লিটার প্রতি ৩৮-৪৫ টাকা দামে এই দুধ ক্রয় করা হচ্ছে।”
“তবে সরকার কৃষি, ডেইরীর সাথে সম্পৃক্ত নিত্যপ্রয়োজনী খাদ্যপণ্য সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পর এখন সহজেই কৃষক ও খামারীদের পণ্য ভোক্তার হাতে তুলে দিতে পারছি। এতে করে প্রান্তিক খামারীরা উপকৃত হচ্ছেন।”
কামাল বলেন, সাধারণত রমজান মাসে দুধের চাহিদা একটু বেশি থাকে। এ অবস্থায় খামারীরা ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন। তবে বর্তমান পরিস্থিতিতে অনেকে ক্রেতা দুধ ঠিকমত কিনতে পারছেন না। তাদের কথা মাথায় রেখে হোম ডেলিভারি সুবিধা চালু করা হয়েছে।
প্রাণ পাস্তুরিত দুধ, দই, মাঠা, মাখন, চিজ নিজস্ব বিক্রয়কর্মীর মাধ্যমে হোম ডেলিভারি সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া প্রাণ ইউএইচটি দুধ, ঘি, গুড়ো দুধ এবং ফ্লেভার্ড মিল্ক অথবা ডটকম ও চালডাল ডটকমের মাধ্যমে অর্ডার করে ক্রয় করতে পারছেন ক্রেতারা।
