সুপারশপ খোলা রাখার সময় বাড়ানোর আশ্বাস
লকডাউনের মধ্যে সুপারশপগুলো খোলা রাখার সময়সীমা বাড়ানোর বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
এছাড়া কৃষিপণ্য পরিবহনে বিআরটিসির ট্রাক ব্যবহার এবং বিদেশে রপ্তানির জন্য কার্গো ভাড়ার বিষয়গুলো সমন্বয়ে উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের বিষয়টিও ‘গুরুত্ব সহকারে’ বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে করোনাভাইরাস সঙ্কটে শাকসবজি, বীজ ও সতেজ কৃষিপণ্য বাজারজাতকরণ ও সরবরাহে করণীয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে অনলাইন সভা করেন কৃষিমন্ত্রী।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সভায় পাওয়া সুপারিশ অনুয়ায়ী বিআরটিসির ট্রাক ব্যবহার, বিদেশে রপ্তানির জন্য কার্গো ভাড়া, দেশের সুপারশপ খোলা রাখার সময়সীমা বাড়ানো এবং সমন্বয়ের জন্য আন্তঃমন্ত্রণালয় উচ্চ পর্যায়ের কমিটি গঠনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।”
করেনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান লকডাউনের মধ্যে প্রথম দিকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সুপারশপগুলো খোলা ছিল। গত ১০ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার পর সবার ঘর থেকে বের হওয়ায় নিষেধাজ্ঞা জারি করে ওষুধের দোকান ছাড়া সুপারশপসহ অন্যসব দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের নির্দেশ দেয় সরকার।
কৃষিমন্ত্রী বলেন, “করোনা পরিস্থিতিতে শাকসবজি ও পচনশীল কৃষিপণ্যের চলাচল নির্বিঘ্ন করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
“জেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি বিপণন অধিদপ্তর কৃষিপণ্যের ভ্রাম্যমাণ বাজার পরিচালনা শুরু করেছে। পাশাপাশি লকডাউন এলাকার উদ্বৃত্ত কৃষিপণ্য ঘাটতি এলাকায় পাঠাতে ট্রাক চলাচলের জন্য জেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে কৃষি বিপণন অধিদপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছে। ফলে শাকসবজির বাজারজাতকরণ কিছুটা সহজতর হয়েছে।”
তিনি বলেন, “ইতোমধ্যে বিএডিসি ও অন্যান্য বেসরকারি কোম্পানির উৎপাদিত আউশ, সবজি ও পাটবীজ সরবরাহ করা হয়েছে এবং যা বর্তমানে মাঠে কৃষক আবাদের প্রস্তুতি নিচ্ছে। এছাড়া রবি মৌসুমে উৎপাদিত আলু বীজ সংগ্রহ করে হিমাগারে সংরক্ষণ করা হয়েছে।”
চলতি বোরো মৌসুমে সরকারি-বেসরকারি মিলিয়ে এক লাখ মেট্রিক টন বোরো বীজ ধান ও ১০ হাজার টন হাইব্রিড ধান বীজ সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও সভায় জানানো হয়।
কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, বিএডিসির চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম, মকৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল মুঈদ এবং হর্টেক্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মঞ্জুরুল হান্নান অনলাইন সভায় অংশ নেন।
এছাড়া ফল-সবজি, সতেজ কৃষিপণ্য রপ্তানীকারক, ফুড প্রসেসর, সুপারশপ ব্যবসায়ী, বীজ ব্যবসায়ী, ভেজিটেবল এক্সপোর্টার্স এসোসিয়েশন ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই সভায় অংশ নেন।
বিশেষজ্ঞ হিসেবে পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম, পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য আব্দুস সাত্তার মন্ডল, সাবেক সচিব জেড করিম, কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব এস এম নাজমুল ইসলাম ও আনোয়ার ফারুক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান সভায় সংযুক্ত থেকে তাদের মতামত তুলে ধরেন।
