২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় লিঙ্গের ৯ জনকে চাকরি দিল স্বপ্ন

সমাজের অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষদের কাজের সুযোগ করে দিয়েছে দেশের অন্যতম বৃহৎ সুপারশপ ‘স্বপ্ন’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2020, 06:47 PM

Updated : 08 Apr 2022, 12:39 AM

মঙ্গলবার প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগ থেকে নয় জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ প্রসঙ্গে স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, “তৃতীয় লিঙ্গের হলেও তারা আমাদের এ সমাজেরই মানুষ। শিক্ষিত হয়ে একজন স্বাবলম্বী মানুষ হিসেবে বেড়ে উঠার পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার অধিকার আছে তাদের। তবে বর্তমানে তাদের মধ্যে অনেকে কাজের সুযোগ পাচ্ছেন না। ‘স্বপ্ন’ তাদের পাশে দাঁড়িয়েছে।”

নিয়োগপত্র হাতে পাওয়া তৃতীয় লিঙ্গের মুন বলেন, “এর আগে কাজের জন্য অনেক জায়গায় চেষ্টা করলেও কাজ মেলেনি। স্বপ্ন যে সুযোগ আমাদের করে দিলো তা সত্যিই ভালোলাগার মত। আমি খুবই আনন্দিত। আমার কাজটি ভালোভাবে করতে চাই; সামনে এগিয়ে যেতে চাই “

নিয়োগপ্রাপ্তরা হলেন-আব্দুল রহিম মুন, নিশি, আকাশ আহমেদ, লিটন, নীলা, তমা, সানি, তানিম মিয়া এবং বিল্লাল। তারা এখন থেকে ‘স্বপ্ন’ এর ডিস্ট্রিবিউশন সেন্টার ও আউটলেটে বিভিন্ন পদে কাজ করবেন।

নিয়োগপত্র হাতে তুলে দেওয়ার সময় অন্যদের মধ্যে স্বপ্নের ডিস্ট্রিবিউশন সেন্টারের প্রধান মহিবুর রহমান, মানবসম্পদ বিভাগের প্রধান শাহ রিজভী রনী, বন্ধু সংগঠনের মিডিয়া ফেলো শরিফুল ইসলাম পলাশ উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘স্বপ্ন’ দেশের প্রথম রিটেইল চেইন যারা অটিস্টিক বা প্রতিবন্ধী মানুষদের নিয়োগ দিয়েছে। প্রতিষ্ঠানে তাদের চাকুরির ১০ ভাগ কোটা রয়েছে।