২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট বিমানবন্দরে নতুন টার্মিনাল নির্মাণে চুক্তি

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন টার্মিনাল নির্মাণে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2020, 12:57 AM

Updated : 18 Aug 2022, 02:53 PM

রোববার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তরের সম্মেলন কক্ষে এই চুক্তিপত্র স্বাক্ষরিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।    

চুক্তিপত্রে বেবিচকের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এবং কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠান বেইজিং আরবান কন্সট্রাকশন গ্রুপের (বিইউসিজি) পক্ষে তাদের বাংলাদেশের প্রধান কর্মকর্তা হ্যারল্ড হুয়াং স্বাক্ষর করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ হাজার ১১৬ কোটি টাকা ব্যয়ে এই টার্মিনাল নির্মাণ করা হবে। প্রকল্পের কাজ শেষ হতে ২ বছর ৯ মাস সময় লাগবে।

প্রকল্পের কাজ শেষ হলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অত্যাধুনিক টার্মিনাল ভবন, একটি কার্গো ভবন, আধুনিক এটিসি টাওয়ার, ট্যাক্সিওয়ে ও এপ্রোন এবং আধুনিক ফায়ার স্টেশন স্থাপন সম্ভব হবে।  

এতে বিমানবন্দরের যাত্রী ধারণ ক্ষমতা ৬ লাখ থেকে ২০ লাখে উন্নীত হবে বলেও জানানো হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান মো. মফিদুর রহমান বলেন, “এই প্রকল্পটি বর্তমান সরকারের একটি দূরদর্শী ও অতি গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ক্ষেত্রে তা ব্যাপক ভূমিকা রাখবে।”

বেইজিংসহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে তাদের দক্ষতা ও অভিজ্ঞতার কথা উল্লেখ করে হ্যারল্ড হুয়াং বলেন, সিলেটে দৃষ্টিনন্দন অত্যাধুনিক মানের স্থাপনা নির্মাণে তাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ।