ইপিজেড-হাইটেক পার্কের শ্রমিকরাও প্রণোদনা তহবিল থেকে বেতন পাবেন
নভেল করোনাভাইরাস মহামারীর ক্ষতি পুষিয়ে দিতে পোশাক কারখানার শ্রমিকদের বেতন দিতে সরকার পাঁচ হাজার কোটি টাকার যে প্রণোদনা তহবিল গঠন করেছে সেখান থেকে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা-ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল-ইজেড এবং হাইটেক পার্কের শ্রমিকরাও বেতন-ভাতা পাবেন।
বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, ‘নভেল করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সচল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য আর্থিক প্রণোদনা হিসেবে সহজ শর্তে ঋণ/বিনিয়োগ সুবিধা প্রদান’ শীর্ষক নীতিমালায় বলা হয়েছিল, তৈরি পোশাক রপ্তানিকারকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ’র সদস্য কারখানার শ্রমিকরা এই তহবিল থেকে বেতন-ভাতা পাবেন।
“এখন সরকার সিদ্ধান্ত গ্রহন করেছে যে, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড), অর্থনৈতিক অঞ্চল (ইজেড) এবং হাইটেক পার্কের ( সি-টাইপ)শিল্প প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিক-কর্মচারিদের বেতন-ভাতাও এই তহবিল থেকে দেওয়া যাবে।”
সার্কুলারে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সচল রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য আর্থিক প্রণোদনা হিসেবে সহজ শর্তে ঋণ/বিনিয়োগ সুবিধা প্রদান প্রসঙ্গে বিভিন্ন বিষয় স্পষ্ট কর হয়েছে।
এতে বলা হয়েছে, ২৫ নভেম্বর ২০১৮ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জারিকৃত এসআর ও ৩৪৫-আইন/২০১৮-এর তফসিল ‘ক’ এর গ্রেড ১ থেকে ৭ এবং তফসিল ‘খ’ ১ থেকে ৪ গ্রেডের কর্মরতরাই ওই শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারি হিসাবে বিবেচিত হবেন।
এছাড়া রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান প্রমাণের জন্য বাণিজ্য সংগঠনের (যেমন বিজেএমইএ, বিকেএমইএ ইত্যাদি) প্রত্যয়নপত্র লাগবে। তবে বিজেএমইএ, বিকেএমইএ’র কথা উল্লেখ থাকলেও অন্যান্য খাতের রফতানিকারকরা তাদের স্ব স্ব সংগঠনের প্রত্যয়নপত্র নিতে পারবে।
এই তহবিলের নীতিমালায় বলা হয়েছে, যেসব কারখানা শ্রমিকদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করছেন, তারাই এই তহবিলের অর্থ পাওয়ার জন্য বিবেচিত হবে।
এই তহবিল থেকে ২ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে রপ্তানিমুখী শিল্পগুলোকে। তবে সময় মতো কিস্তির অর্থ পরিশোধ না করলে বকেয়া কিস্তির উপর দণ্ড সুদ আরোপ হবে।
বৈশ্বিক মহামারী রূপ নেওয়া নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশেও দেখা দেওয়ার পর এর বিস্তার রোধের পদক্ষেপে অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত হয়ে পড়ায় গত ২৫ মার্চ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রপ্তানিমুখী শিল্পের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশে রপ্তানি খাতের অগ্রগণ্য তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য এই অর্থ বরাদ্দ দিয়েছিল সরকার।
এতে বলা হয়, যে সব শিল্প প্রতিষ্ঠান মোট উৎপাদনের ন্যূনতম ৮০ শতাংশ রপ্তানি করে, তারা রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান হিসেবে এই তহবিলের অর্থ পাওয়ার যোগ্য বিবেচিত হবে।
যে সব কারখানা সচল আছে, তারাই কেবল ঋণ পাবেন। যারা ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা ইতোমধ্যে দিয়ে দিয়েছে, তারাই কেবল সচল কারখানা হিসেবে বিবেচিত হবে।
