হালখাতা খোলার ‘হাল নেই’ এবার
নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলা নববর্ষের সব আয়োজন এবার মাটি হয়ে গেছে। বাংলা সনের প্রথম দিনটিতে ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী আয়োজন ‘হালখাতা’ আয়োজনও এবার হালে পানি পাচ্ছে না।
খোঁজ-খবর নিয়ে জানা গেছে, ‘লকডাউন’ পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় কোথাও এবার হালখাতা খুলছেন না ব্যবসায়ীরা।
প্রতিবছর বাংলা নববর্ষের প্রথম দিন স্বর্ণ, মনোহারি ও কাপড়সহ বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা পুরনো বছরের হিসাবনিকাশ হালনাগাদ করে নতুন করে হিসাবের খাতা খোলেন, যাকে বলা হয় ‘হালখাতা’।
যুগের পরিবর্তনে হালখাতার সেই ঐতিহ্য অনেক আগেই আবেদন হারিয়েছে। তারপরও কিছু কিছু জায়গায় ব্যবসায়ীরা পুরনো রীতি মেনে চলার চেষ্টা করলেও এবার করোনাভাইরাস তা আর হতে দিচ্ছে না।
ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় এবার আর খোলা হচ্ছে না হালখাতা। ছবি সুমন মাহমুদ
শাখারীবাজারের শঙ্খভাণ্ডারের মৃনাল কুমার সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “করোনাভাইরাসের সংক্রমণে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, লেনদেনও বন্ধ। ব্যবসাই নাই, হালখাতা খুলব কিভাবে?
“ মনে হচ্ছে শনি আমাদের চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। বছর শুরু হচ্ছে, ব্যবসার যাত্রাটাই করতে পারছি না। আমরা যারা ব্যবসায়ী বিশেষ করে দীর্ঘকাল যাবত ব্যবসার সাথে জড়িত তাদের জন্য এটা কত দুশ্চিন্তার, কত উৎকণ্ঠার তা ভাষায় প্রকাশ করতে পারছি না।”
ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় এবার আর খোলা হচ্ছে না হালখাতা। ছবি সুমন মাহমুদ
“সারাদেশ থেকে ছোটবড় ব্যবসায়ীরা কাপড় কিনতে আসেন এখানে। প্রতিদিন কোটি কোটি টাকার বিজনেস এখানে। করোনা সবকিছু বন্ধ করে দিয়েছে।”
পুরনো ঢাকার ইসলামপুর হচ্ছে কাপড়ের পাইকারি বাজার। দেশি-বিদেশি সব ধরনের কাপড়ই মেলে এখানে। সোমবার ইসলামপুরে গিয়ে দেখা গেল, দোকানপাট বন্ধ, মানুষজনও নেই।
মুন্সিগঞ্জের বাসিন্দা কাপড় ব্যবসায়ী হাজী হারিস উদ্দিন বলেন, “হালখাতার নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে একটা লাল রঙের মোটা খাতা। বছরে পর বছর পয়লা বৈশাখের দিন এই খাতার ছবি সব বাঙালির খুব চেনা। আমিও উত্তরাধিকার সূত্রে এই হালখাতা সংস্কৃতি মেনে ব্যবসা করছি, আমার বাবা করেছেন, দাদাও করেছেন।
“বাবার কাছ থেকে শুনেছি- প্রথম দিকে হালখাতায় ব্যবহার হতো ‘খেরোর খাতা’। এই খেরোর খাতা তৈরি হত মোটা লাল রঙের কাপড় দিয়ে। লাল রঙ যেহেতু শুভ হিসেবে মনে করা হয়, তাই এই খাতায় লাল রঙের ব্যবহার হত। পয়লা বৈশাখে পূজা দিয়ে এই খেরোর খাতার শুভারম্ভ হত।”
ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় এবার আর খোলা হচ্ছে না হালখাতা। ছবি সুমন মাহমুদ
“আপনি যদি গতবছর এই সময় পুরান ঢাকার বাংলাবাজা, পাটুয়াটুলী, ইসলামপুর কিংবা শাখারীপট্টিতে যেতেন, দেখতেন- অনেক দোকানে গুছিয়ে রাখা হয়েছে লাল কাপড়ে মোড়ানো হালখাতাটি। পাশেই থাকতো টালি খাতা।”
তিনি জানান, প্রতিবছর বাংলাবাজারের পুস্তকের দোকান এবং ফুটপাতে বৈশাখ মাস আসার দুই সাপ্তাহ আগে থেকেই হালখাতা ও টালিখাতা বিক্রির ধুম পড়ত। বিভিন্ন জেলা থেকে এসেও অনেক এই খাতা কিনে নিয়ে যেতেন। এবার লকডাউনের কারণে প্রেস ও বাইন্ডিং মেশিন বন্ধ থাকায় হালখাতা তৈরিতে বাধা সৃষ্টি হয়েছে।
