সিলেট রুটে ইউএস-বাংলার আরও ১টি ফ্লাইট
বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা সিলেট রুটে প্রতিদিন আরও একটি ফ্লাইট পরিচালনা করবে।
আগামী ২৯ মার্চ থেকে ঢাকা-সিলেট রুটে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনার সিদ্বান্ত নিয়েছে। বর্তমানে এই রুটে প্রতিদিন ২টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
যাত্রীদের অতিরিক্ত চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে আরও ১টি ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান সংস্থাটি।
২৯ মার্চ থেকে প্রতিদিন সকাল ১০টা ৪৫মিনিট, দুপুর ১২টা ৪৫মিনিট এবং সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকায় প্রতিদিন দুপুর ১২টা ০৫মিনিট, ২টা ০৫মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০মিনিটে ফ্লাইট চলাচল করবে।
নূন্যতম ভাড়া ২ হাজার ৭০০ টাকা (সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ)।
বর্তমানে ইউএস-বাংলার বিমানবহরে মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে। এর মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, ছয়টি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ এবং তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।
সিলেট ছাড়াও বর্তমানে অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, যশোর এবং বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।
এছাড়া আন্তর্জাতিক রুট ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, মাস্কাট, দোহা এবং চট্টগ্রাম থেকে কলকাতা, চেন্নাই, দোহা এবং মাস্কাট রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল করছে।
