ওয়ালটনের কারখানায় তিন মন্ত্রী
টেলিভিশন, ফ্রিজ, এসির পর এবার দেশে প্রথমবারের মতো এলিভেটর তৈরি করতে যাচ্ছে ইলেকট্রনিক পণ্যের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ তিনজন মন্ত্রী রোববার তাদের নতুন স্থাপিত এলিভেটর তৈরির কারখানা ও ‘অল ইন ওয়ান’ কম্পিউটারের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত অপর দুই মন্ত্রী হলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির তৈরি ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত স্মার্টফোন যুক্তরাষ্ট্রের বাজারে প্রথমবারের মতো রপ্তানি, ভারতে বিপুল পরিমাণ এসি রপ্তানি এবং ওয়ালটন টিভির নিজস্ব অপারেটিং সিস্টেম ‘আরওএস’ও উদ্বোধন করা হয়।
মুস্তফা কামাল বলেন, “মন্ত্রী হওয়ার আগে আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল। আমি ছোট পরিসরে কোরিয়ান একটি প্রতিষ্ঠানকে নিয়ে হোম এ্যাপলায়েন্সের পণ্য তৈরি শুরু করেছিলাম। কিন্তু যখন দেখলাম ওয়ালটন আমার চেয়ে আরও শতগুণ বেশি শক্তি নিয়ে এগিয়ে আসছে তখন দেখলাম আমার এখানে থাকা উচিত নয়, আমি লস করব। আমি এরপর এ ব্যবসা থেকে সরে আসলাম।”
তিনি বলেন, “ওয়ালটন এখন একচেটিয়া ব্যবসা করছে, ওয়ালটনের জয় জয়কার।”
অর্থমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তিনি এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য যুদ্ধ করেছেন। তিনি একটি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ার স্বপ্ন নিয়ে কাজ শুরু করলেও তিনি সেই কাজ করে যেতে পারেননি।
“তারপর দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে উন্নয়নের যাত্রা শুরু। জাতির পিতার দেখানো পথে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।”
অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে ওয়ালটনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যাতে ওয়ালটন কারখানা বেসরকারি হাই-টেক পার্ক হিসেবে স্বীকৃতি পায়।
এর আগে কারখানায় পৌঁছে মন্ত্রীরা প্রথমে ওয়ালটনের সুসজ্জিত ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন। এরপর তারা ওয়ালটনের রেফ্রিজারেটর ও কম্প্রেসর তৈরির প্রক্রিয়া পরিদর্শন করেন। এ সময় ৫৪ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ ও চেক তুলে দেওয়া হয়।
ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী বলেন, “ওয়ালটন বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে। ওয়ালটনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক লাখ লোকের কর্মসংস্থান তৈরি হয়েছে। আগামীতে ওয়ালটন ১০ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি করার সর্বাত্মক চেষ্টা করবে।”
