২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশকপূর্তিতে ৪টি বোয়িং ৭৩৭ যুক্ত হচ্ছে রিজেন্ট বহরে

এক দশকপূর্তিতে নিজেদের বহরে আরও চারটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ যুক্ত করবে দেশের বেসরকারি এয়ারলাইন রিজেন্ট এয়ারওয়েজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2020, 11:33 PM

Updated : 18 Aug 2022, 02:17 PM

২০২০ সালেই যুক্ত হবে এই উড়োজাহাজ চারটি।

বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ।

গত বছরের ১০ নভেম্বর পরিচালনার ১০ম বর্ষে পদার্পণ করে এয়ারলাইনটি। 

সংবাদ সম্মেলনে রিজেন্ট এয়ারওয়েজের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

ইমরান আসিফ বলেন, “২০২০ সালে আমাদের পরিচালনার দশ বছর পূর্তি হতে যাচ্ছে। আর সে কারণে এই বছরে আমাদের সামনে একটি সুস্পষ্ট ভিশন রয়েছে। বরাবরের মতো নিরাপদ ও নির্ভরযোগ্য এবং সবার পছন্দের এয়ারলাইন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।”

তিনি বলেন, চলতি বছর রিজেন্ট আরও ৪টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের ডেলিভারি পাওয়ার আশা করছে। নতুন উড়োজাহাজগুলো যুক্ত হলে নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি বর্তমান গন্তব্যগুলোতে উড্ডয়ন সংখ্যা বাড়নোর পরিকল্পনা রয়েছে।  

সংবাদ সম্মেলনে জানানো হয়, খুব শিরগিরই বাংলাদেশের এভিয়েশন খাতে প্রথম ওয়াই-ফাইভিত্তিক ইনফ্লাইট বিনোদন ব্যবস্থা ‘রিজেন্ট স্ক্রিন্স’ আনতে যাচ্ছে রিজেন্ট। এর ফলে যাত্রীরা তাদের ব্যক্তিগত নোটবুক, ট্যাবলেট বা মোবাইল ফোনে ওয়াই-ফাইয়ের মাধ্যমে সরাসরি বিভিন্ন মাল্টিমিডিয়া প্রোগ্রাম উপভোগ করতে পারবেন।

রিজেন্ট এয়ারওয়েজ বর্তমানে দেশের ভেতর চট্টগ্রাম ও কক্সবাজার এবং দেশের বাইরে কলকাতা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, মাস্কাট এবং দোহায় ফ্লাইট পরিচালনা করছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হানিফ জাকারিয়া এবং পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ বক্তব্য রাখেন।