১৫ খামারি পেল প্রাণ ডেইরির পুরস্কার
প্রকৃত খামার ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ দুধ উৎপাদনে খামারিদের উৎসাহ দিতে চাষীদেরকে পুরস্কার দিয়েছে প্রাণ ডেইরি।
বুধবার সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাণ ডেইরি কমপ্লেক্সে কৃষকদের হাতে পুরস্কার তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে খামার পরিচালনা, দীর্ঘ সময় ধরে প্রাণ ডেইরিকে দুধ প্রদান ও প্রাণ ডেইরির সহযোগিতায় ক্ষুদ্র খামার থেকে বৃহৎ খামার গড়ে তোলাসহ পাঁচটি বিষয়ে প্রাণ ডেইরির চুক্তিভিত্তিক খামারিদের মধ্যে ১৫ জনকে বাছাই করে পুরস্কার দেওয়া হয়।
আশরাফ আলী খান খসরু বলেন, দুধের উৎপাদন বৃদ্ধি করতে হলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। খামারিরা যাতে সহজে ঋণ পায় সে ব্যাপারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এ ধরনের আয়োজনের মাধ্যমে দুগ্ধখামারিদের উদ্বুদ্ধ করার জন্য প্রাণ ডেইরিকে ধন্যবাদ জানান মন্ত্রী।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, “স্বাস্থ্যবান জাতি গঠনে দরকার পুষ্টি। পুষ্টির ভিত্তি হল দুধ। আর দুধের উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করে খামারিরা। এসব খামারিদের সম্মানিত করে আমরা নিজেরাই সম্মানিতবোধ করছি।”
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলী, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ শামসুজ্জোহা, পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানান হয়, পাবনার চাটমোহর, নাটোরের গুরুদাসপুর, সিরাজগঞ্জের শাহজাদপুর ও বাঘাবাড়ি এবং রংপুরে প্রাণ এর ডেইরির মোট পাঁচটি হাব রয়েছে। এসব হাবের অধীন ১০১টি দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্র রয়েছে। দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্রে খামারিরা সরাসরি দুধ সরবরাহ করে।
প্রাণ ডেইরির বর্তমানে ১২ হাজার চুক্তিভিত্তিক চাষী রয়েছে যারা গরু পালন করে। এসব চাষীর অধীনে ৫০ হাজার গরু রয়েছে। দুগ্ধখামার করে এসব খামারিরা নিজেদের ভাগ্য ফিরিয়ে এনেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
