পায়রা-গোপালগঞ্জ বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু
পটুয়াখালীর পায়রা থেকে গোপালগঞ্জ পর্যন্ত ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টা ৫২ মিনিটে গোপালগঞ্জ গ্রিড সাবস্টেশন প্রান্ত থেকে চার লাখ ভোল্টেজ দিয়ে লাইনটি চালু করা হয়।
বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ-পিজিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, বর্তমানে ৪০০ কেভির ৬৯৭ সার্কিট কিলোমিটার সঞ্চালন লাইন রয়েছে। এর সঙ্গে প্রায় ১৬৩ কিলোমিটার দীর্ঘ ডাবল সার্কিটের হাই ভোল্টেজ সঞ্চালন লাইনটি পটুয়াখালী জেলার পায়রা থেকে পটুয়াখালী সদর-বরগুনা-ঝালকাঠি-বরিশাল-মাদারীপুর হয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় নবনির্মিত ৪০০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রে সংযুক্ত হল।
এক হাজার ৪১২ কোটি টাকা ব্যয়ে ২০১৭ সালের ২৪ মে এ লাইন নির্মাণে চুক্তি হয়। বাংলাদেশ সরকার ও পিজিসিবি যৌথভাবে এ অর্থের জোগান দিয়েছে। পিজিসিবি’র তত্ত্বাবধানে কোরিয়ার প্রতিষ্ঠান জিএস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন করপোরেশন টার্নকী পদ্ধতিতে এ কাজ করেছে।
পিজিসিবির তথ্য মতে, নবনির্মিত লাইনটির প্রতি ফেজ-এ চারটি করে অত্যাধুনিক ‘এসিসিসি কন্ডাক্টর’ (তার) ব্যবহার করা হয়েছে। ফলে অন্যান্য ৪০০ কেভি লাইনের তুলনায় এই লাইনের সঞ্চালন সক্ষমতা কয়েক গুণ বেশি হবে। এ লাইনের মাধ্যমে পায়রায় নির্মিতব্য ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালন করা হবে।
উচ্চ ক্ষমতাসম্পন্ন লাইন হওয়ায় ভবিষ্যতে ওই এলাকায় আরও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলেও তা এই লাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে সঞ্চালন করা যাবে।
পায়রা থেকে গোপালগঞ্জ পর্যন্ত লাইনটি নির্মাণ করতে চারটি খরস্রোতা নদী পার করতে হয়েছে। নদীগুলো হলো- পায়রা, সন্ধ্যা, সুগন্ধা ও লাউকাঠি। লাইনটি নেওয়ার জন্য নদীগুলোর দুইপ্রান্তে সুউচ্চ রিভারক্রসিং টাওয়ার নির্মাণ করা হয়েছে।
