২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাকিউআর’ কোড চালু করল এমটিবি-মাস্টারকার্ড

ব্যাংকিং খাতে প্রথম বাংলা কিউআর (কুইক রেসপন্স) নামে ইন্টারঅপারেবল কোডের সুবিধা নিয়ে এসেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2019, 10:36 PM

Updated : 18 Aug 2022, 06:19 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাস্টারকার্ডের সহযোগিতায় এ কিউআর কোড চালুর কথা জানানো হয়।

এতে বলা হয়, কিউআর কোডের মাধ্যমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) মাস্টারকার্ড ব্র্যান্ডেড ক্রেডিট, ডেবিট এবং প্রিপেইড কার্ড ব্যবহার করে কার্ডধারীরা এমটিবি মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে তৈরি কিউআর কোডের মাধ্যমে অর্থ প্রদানের সুবিধা পাবেন।

অন্যান্য ব্যাংক এবং অর্থপ্রদানের নেটওয়ার্কেও ইন্টারঅপারেবল এ সমাধান পাওয়া যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রোববার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল বাংলা কিউআর কোডের উদ্বোধন করেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “আমরা গ্রাহকদের দ্রুত এবং আরও সুবিধাজনক পদ্ধতিতে অর্থ প্রদানের ব্যবস্থা করতে পেরে আনন্দিত। এমটিবি অ্যাপ্লিকেশন দ্বারা কিউআর কোডটি দ্রুত স্ক্যান করার সাথে সাথে, আমাদের কার্ডধারীরা আগের চেয়ে বেশি সহজে অর্থ প্রদান করতে সক্ষম হবেন।

“আমরা নিশ্চিত যে, এমটিবি এবং মাস্টারকার্ডের যৌথ প্রচেষ্টার ফল বাংলা কিউআর বাংলাদেশে ডিজিটাল পেমেন্টের এক নতুন যুগ নিয়ে আসবে।”

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “এই দ্রুত, সুরক্ষিত এবং সুবিধাজনক অর্থ প্রদানের পদ্ধতিটি বাংলাদেশের প্রথমবারের জন্য হবে, যা কন্টাক্টলেস অর্থ প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।”