২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেটা সেন্টার কোম্পানি গঠনে মন্ত্রিসভার সায়

বাংলাদেশের ‘ফোর টিয়ার’ জাতীয় ডেটা সেন্টারটি পরিচালনায় একটি লিমিটেড কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2019, 07:51 PM

Updated : 18 Aug 2022, 06:19 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড’ গঠনের প্রস্তাব এবং ওই কোম্পানির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন এবং আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের খসড়া অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আওতায় এই কোম্পানি গঠন করা হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, “এই ডেটা সেন্টারের মাধ্যমে বিদেশে ডেটা সেন্টারের উপর নির্ভরতা পরিহার করে সরকার প্রতি বছর ৩৫৩ কোটি সাশ্রয় করতে সক্ষম হবে।”

তিনি বলেন, “১০০ কোটি টাকা বরাদ্দ থাকবে। পেইড অব ক্যাপিটাল ৫০ টাকা ছিল, তাই সরকারের পক্ষ থেকে যেটা দেওয়া হবে ইকুইটি হিসেবে দেওয়া হবে। বিভিন্ন সময়ে প্রয়োজন অনুযায়ী বোর্ড তাদের সাহায্য করবে।”

এছাড়া গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে সেবার মানও উত্তরোত্তর বৃদ্ধি করা সম্ভব হবে বলে আশা করছে সরকার।

ডিজিটাল কার্যক্রম, সেবা প্রদান ও ই-বিজনেসের মূল ভিত্তি হতে  গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে নির্মিত এই তথ্যভাণ্ডারটি বিশ্বের পঞ্চম বৃহত্তম ডেটা সেন্টার। গত নভেম্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুই বছর পর পর নিতে হবে মাছ ধরা নৌকার লাইসেন্স

সামুদ্রিক মৎস্য আইন-২০১৯ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল বলেন,  “দ্য মেরিন ফিসারিজ অর্ডিনেন্স ১৯৮৩ কে উচ্চ আদালতের নির্দেশে বাংলায় করা হয়েছে।

“এতদিন এক বছর পর পর মাছধরা নৌকাগুলোকে লাইসেন্স নিতে হত, এখন দুই বছর পর পর লাইসেন্স নিতে হবে।”

তিনি বলেন, “মোবাইল কোর্টের শিডিউলে নতুন আইন অন্তর্ভুক্ত করার কথা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করা গেলে তাৎক্ষণিক সাজা দেওয়া যায়, তাৎক্ষণিক সাজা দেওয়া গেলে ইমপ্যাক্টটা ভালো হবে।”

নতুন আইনে সাজার পরিমাণ বাড়ানো হয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিদেশি মাছ ধরা জাহাজ অপরাধ করলে তিন বছরের জেল, পাঁচ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে।

“অর্ডিনেন্সে এসব অপরাধের সাজা ছিল এক লাখ টাকা অর্থদণ্ড এবং তিন বছরের জেল”, বলেন তিনি।

পুরনো খবর:

জাতীয় ডেটা সেন্টারের বাণিজ্যিক কার্যক্রম শুরু এপ্রিলে
সাইবার হামলা থেকে জাতীয় ডেটা সেন্টার সুরক্ষায় প্রকল্প পাস
জলদস্যুতায় যাবজ্জীবন শাস্তি রেখে ‘মেরিটাইম আইন’ হচ্ছে
সামুদ্রিক মৎস‌্য আইনে জরিমানা বাড়ছে