রূপালী ব্যাংকে নিয়োগের লিখিত পরীক্ষা শুক্রবার
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদে নিয়োগের লিখিত পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।
৪২৩টি শূন্য পদে নিয়োগের এই পরীক্ষা রাজধানীর চারটি শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্র চারটি হচ্ছে, মগবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, গ্রীণফিল্ড স্কুল এন্ড কলেজ (মিরপুর), আদর্শ উচ্চ বিদ্যালয় ( কাফরুল, মিরপুর) এবং তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজ।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত রূপালী ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ এর ৪২৩টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত এমসিকিউ টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের ২ ঘন্টাব্যাপী ২০০ নম্বরের লিখিত পরীক্ষা ২৭ ডিসেম্বর শুক্রবার এই চার কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এমসিকিউ টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া আছে। প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না; এমসিকিউ টেস্টের প্রবেশপত্র নিয়েই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
পরীক্ষার হলে প্রবেশের পূর্বে প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে।
প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। পরীক্ষার্থীদেরকে পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, একাধিক প্রবেশপত্র বা অতিরিক্ত কোনো কাগজ, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না।
