মোবাইল লেনদেন নিরাপত্তায় ‘ফিনটেক-রেগটেক’ সমন্বয় প্রস্তাব
মোবাইল ব্যাংকিং ছাড়াও ব্যাংকের বাইরে যেসব আর্থিক লেনদেন হচ্ছে তার নিরাপত্তায় আর্থিক প্রযুক্তি (ফিনটেক) এবং নিয়ন্ত্রক সংস্থা প্রযুক্তি (রেগটেক) উভয়ের সমন্বয়ে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এক আলোচনা সভায়।
সোমবার ঢাকার মিরপুরে বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সম্মেলন কক্ষে ‘ফিনটেক অ্যান্ড রেগটেক: পসিবল ইমপ্যাক্ট অন ব্যাংকিং সিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এনিয়ে কথা বলেন।
বিআইবিএম মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এ আলোচনা সভায় ‘ফিনটেক অ্যান্ড রেগটেক: পসিবল ইম্প্যাক্ট অন ব্যাংকিং সিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক মো. শিহাব উদ্দিন খান।
তিনি বলেন, “ফিনটেক ও নিয়ন্ত্রক সংস্থা যৌথভাবে কাজ করলে গ্রাহক সেবার মান বাড়বে। গ্রাহকরা নতুন নতুন সেবা উপভোগ করতে পারবে। একই সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তি অনেকাংশে বৃদ্ধি পাবে।”
প্রযুক্তিনির্ভর আর্থিক লেনদেনে সাইবার আক্রমণের ঝুঁকি তুলে ধরে শিহাব খান বলেন, “সাইবার আক্রমণ এখন ইউরোপ, আমেরিকা ও এশিয়াসহ সারাবিশ্বেই আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসা বাণিজ্যের বিশাল হুমকি হয়ে আর্বিভূত হয়েছে।
“সাইবার আক্রমণের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়া এখন আর্থিক ব্যবস্থার সবচেয়ে বড় ঝুঁকি। বিশেষ করে এখন একদিকে প্রতিদিন মোবাইল ব্যাংকিং জনপ্রিয় হচ্ছে, অন্যদিকে ঝুঁকি বাড়ছে।”
এই ঝুঁকি মোকাবেলা করার জন্য ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থাকে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন তিনি।
পাশাপাশি সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করে বিআইবিএমের এই সহযোগী অধ্যাপক বলেন, “এজন্য ব্লকচেইন প্রযুক্তিসহ কৃত্রিম বুদ্ধিসম্পন্ন প্রযুক্তির দিকে যেতে হবে।”
তিনি বলেন, “মোবাইল ব্যাংকিং শতভাগ ব্যাংক ব্যবস্থার আওতায় না হলেও দিন শেষে লেনদেন হচ্ছে ব্যাংকের মাধ্যমে। যেমন বিকাশ ডাকঘরের আওতায় হলেও লেনদেন হচ্ছে ব্যাংক ব্যবস্থায়। তাই নিরাপত্তার ব্যবস্থাও ব্যাংককেই করতে হবে।”
ব্যাংকের উচ্চ পর্যায়ে ফিনটেক এবং রেগটেক নিয়ে ‘সচেতনতা জরুরি’ জানিয়ে শিহাব উদ্দিন খান বলেন, “কেননা ব্যাংকিং খাতে পরিবর্তিত প্রযুক্তির বিষয়ে ব্যবস্থাপনা পর্যায়ে সচেতনতা থাকলে ব্যাংক বা আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব।”
গোলটেবিল বৈঠকে বিআইবিএমের নির্বাহী কমিটির সভাপতি এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান বলেন, “বাংলাদেশ ব্যাংক সার্বক্ষণিকভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম মনিটরিং করছে।”
নতুন প্রযুক্তির ব্যবহারের বিষয়ে গাইডলাইনও দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে বিটকয়েনের ব্যবহার বন্ধে উদ্যোগ নেওয়ার পাশাপাশি স্টেক হোল্ডারদের মধ্যে সচেতনতাও বাড়ানো হয়েছে।”
ই-ব্যাংকিং কার্যক্রম আরও জোরদারভাবে পরিচালনার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিআইবিএমের ড. মোজাফফর আহমদ চেয়ার প্রফেসর ড. বরকত-এ-খোদা বলেন, “আইটি খাতে ব্যয় করলে এখান থেকে আয়ের পাশাপাশি চলমান খরচ আরও বেশি সাশ্রয় করা সম্ভব। এ কথা ব্যংক ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের বোঝাতে হবে।”
বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী বলেন, “ফিনটেক এখন বাস্তবতা। বর্তমানে একটি প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ একটি জাতি হিসেবে আত্মপ্রকাশ করছি। তার জন্যে নতুন নতুন প্রযুক্তি আত্মস্থ করতে হবে।
“ব্যাংকিং অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন। পুরনো ধ্যান-ধারণাকে কেড়ে ফেলে দিয়ে প্রযুক্তি নির্ভর সেবা নিয়ে আসতে হবে যুগের দাবির সাথে তাল মিলিয়ে। ব্যাংক যত সত্ত্বর তা গ্রহণ করবে তত উত্তম। প্রযুক্তি ও ব্যাংকিং পরষ্পর সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। প্রযুক্তিকে আরও বেশি অনুশীলনের মাধ্যমে আমাদের জনবলকে সমৃদ্ধ করতে হবে।”
মোমিনুল ইসলাম বলেন, “আর্থিক খাতের অনেক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে ব্লক চেইন। এর মাধ্যমে ভূমি রেজিস্ট্রেশন, ভ্যাট ও কর আদায় এমনকি ক্ষুদ্র ঋণ বিতরণও সহজ হবে।”
এ কে এম আব্দুল্লাহ বলেন, “ব্যাংকিং খাতে অনেক ইস্যু আছে যেখানে সব ব্যাংক পারস্পরিক সংযোগ ও সহযোগিতা করে কাজ করতে পারে। এতে ব্যাংকগুলো মুনাফায় ইতিবাচক প্রভাব পড়বে।”
বৈঠকে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোমিনুল ইসলাম, বিশ্ব ব্যাংকের সিনিয়র ফাইন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট এ কে এম আব্দুল্লাহ।
