২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভরা মৌসুমে পেঁয়াজের দাম বাড়ছে কেন, প্রশ্ন ক্রেতার

মৌসুমের নতুন পেঁয়াজ বাজারে আসার পর চলতি বছরের সবচেয়ে আলোচিত খাদ্য পণ্যটির দাম গত সপ্তাহে বেশ অনেকটা কমার পর ফের কিছুটা বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2019, 05:21 PM

Updated : 10 Oct 2022, 09:48 PM

বিশেষ উদ্যোগ নিয়ে আমদানি ও মৌসুমের নতুন পেঁয়াজ বাজারের আসার পরও কেন আবার পণ্যটির দাম বাড়ছে তা নিয়ে সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।

এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে অন্তত ৩০ টাকা বেড়েছে।

রাজধানীতে শুক্রবার প্রতি কেজি দেশি পুরনো পেঁয়াজ ১৩০ থেকে ১৪০ টাকায়, আমদানি করা পেঁয়াজ ১০০ টাকায় এবং নতুন মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১২০ টাকায়।

কারওয়ানবাজার, সেগুনবাগিচা, শান্তিনগর, মালিবাগ ও রামপুরাসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

পেঁয়াজের দাম আবার বাড়ায় ক্রেতাদের অসন্তোষের মধ্যে বিক্রেতারা দাবি করেছেন, সরবরাহে টান পড়ায় ফের বাড়ছে পেঁয়াজের দাম।

শান্তিনগর বাজারের ক্রেতা নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পেঁয়াজের মৌসুম, নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। সেখানে দাম বেড়েছে।

“আসলে এর পেছনে কী আছে তা খুঁজে বের করা দরকার। সরকারের মনিটরিংয়ের জায়গাটা দুর্বল বলে এমন অবস্থার সৃষ্টি হচ্ছে।”

পেঁয়াজের দাম বাড়ার কারণ জানতে চাইলে কারওয়ানবাজারের পাইকার রাসেল বলেন, “গত সপ্তাহ মনে হয়েছিল পেঁয়াজের দাম পড়ে গেছে, কিন্তু বাজারে যে পরিমাণ নতুন পেঁয়াজের সরবরাহ থাকার কথা ছিল তা না থাকায় দাম না কমে উল্টো বেড়ে গেছে।”

এক সপ্তাহের ব্যবধানে সব ধরণের পেঁয়াজের দাম প্রতি পাল্লাতে (পাঁচ কেজি) ৮০ থেকে ১০০ টাকা বেড়েছে বলে তার দাবি।

এদিকে রাজধানীর বাজারগুলোতে শীতের শাক-সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও অধিকাংশ সবজির দাম গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে।

তবে সবজি ব্যবসায়ীদের দাবি, মাত্র কয়েকটি সবজির সরবরাহ বেড়েছে, যে কারণে দুই/তিনটি সবজি ছাড়া সবগুলির দাম অপরিবর্তিত আছে।

বাজার ও মানভেদে কেজিতে শিম ৩০ থেকে ৫০, পেঁপে ৩০ থেকে ৩৫, বেগুন ৪০ থেকে ৬০, মুলা ২০ থেকে ৩০, শালগম ৩০ থেকে ৪০, করলা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৩০ থেকে ৪০ ও শাক প্রতি আঁটি ১০ থেকে ২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

মান ও বাজার ভেদে কেজিপ্রতি দেশি পাকা টমেটো ৬০ থেকে ৮০, আমদানি করা পাকা টমেটো ৫০ থেকে ৬০, গাজর ৪০ থেকে ৫০, নতুন আলু ৩০ থেকে ৪০ ও বরবটি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মালিবাগ বাজারের সবজি বিক্রেতা কাওসার মিয়া বলেন, সবজির সরবরাহ ভাল থাকলেও গত কয়েক দিনে দামে তেমন হেরফের হয়নি।

”পাইকারি বাজারে দাম কমলে আমরা কমে বিক্রি করতে পারি। আর আমাদের কেনা দাম বেশি হলে বিক্রিও সেই অনুসারে করতে হয়।”