২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফি সংগ্রহে জামালপুরে পদ্মা ব্যাংকের চুক্তি

শিক্ষার্থীদের স্কুলের ফি সংগ্রহ করার জন্য ইসলামপুর জেজেকেএম গার্লস হাই স্কুল এন্ড কলেজের সঙ্গে চুক্তি করেছে পদ্মা ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2019, 11:18 PM

Updated : 18 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা ব্যাংক এক্সক্লুসিভ ফি কালেকশন চুক্তির আওতায় কলেজের প্রায় আড়াই হাজার ছাত্রী তাদের সমস্ত ফি পদ্মা ব্যাংকের যে কোনো শাখায় খুব সহজ পদ্ধতিতে জমা করতে পারবেন।

পদ্মা ব্যাংকের পক্ষে কর্পোরেট লায়বেলিটি হেড আমিরুল ইসলাম আর ইসলামপুর জেজেকেএম গার্লস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরী ও গর্ভনিং বডির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

গ্রাহকদের সুবিধার্থে পদ্মা ব্যাংক অচিরেই মোবাইল অ্যাপ সুবিধা নিয়ে আসতে যাচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “এর মাধ্যমে অভিভাবকরা নিজ মোবাইল ফোন থেকে যে কোনো সময়ে কলেজ ফি এক মিনিটের মধ্যেই জমা দিতে পারবেন।শাখায় গিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষার ভোগান্তিতে পোহাতে হবেনা।”

জামালপুরের ইসলামপুর শাখায় চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।

এই সময় পদ্মা ব্যাংকের জামালপুর ইসলামপুর শাখার ব্যবস্থাপক শাফকাত আলী ওসমানীসহ দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।