ফাইভ-জিতে বিনিয়োগ করতে চায় জাপানের কেডিডিআই
দেশে পঞ্চম প্রজন্মের (ফাইভ-জি) মোবাইল ফোন সেবা চালুতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপানের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি কেডিডিআই।
পাশাপাশি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ইন্টারনেট অব থিংস-আইওটি ও কানেক্টিভিটিসহ ডিজিটাল প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে চায় তারা।
কেডিডিআইয়ের গ্লোবাল আইসিটি বিভাগের মহাব্যবস্থাপক হিরায়েসু (হিরু) মরিশিতা বৃহস্পতিবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে টেলিযোগাযোগমন্ত্রী জাপানকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, “বাংলাদেশে বিনিয়োগ অত্যন্ত লাভজনক। বাংলাদেশ গত ১১ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিভিন্ন খাতে বিশেষ করে টেলিকম ও ডিজিটাল প্রযুক্তি খাত বিদেশি বিনিয়োগের থ্রাস্ট সেক্টরে পরিণত হয়েছে।”
বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ কাজে লাগাতে জাপানি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী মোস্তাফা জব্বার ২০১৮ সালে জাপানে অনুষ্ঠিত জাপান আইটি উইক-এ যোগ দিয়ে জাপানি ডিজিটাল প্রযুক্তিখাতের শিল্প উদ্যোক্তা বিশেষ করে জাপানের বৃহত্তম টেলিকম কোম্পানি কেডিডিআই কর্তৃপক্ষের কাছে বাংলাদেশে টেলিকম খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন এবং এই খাতে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
“এরই ধারাবাহিকতায় বিনিয়োগের সম্ভাব্যতা যাচাইয়ে কেডিডিআই প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছেন। তারা বাংলাদেশে সহসাই অফিস স্থাপন করে বিনিয়োগের ক্ষেত্র নির্ধারণে কাজ করবে বলে মন্ত্রীকে অবহিত করেন।”
মরিশিতার সঙ্গে কেডিডিআই সিঙ্গাপুরের আইসিটি সেলস ডিপার্টমেন্টের উপ ব্যবস্থাপনা পরিচালক তাকেশি আওয়া ছিলেন। তিনি এখন কেডিডিআইয়ের বাংলাদেশে ব্যবসা দেখভাল করছেন।
