২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুকরোগুলোর ব্যবহারিক ও বিনিময়মূল্য নেই: বাংলাদেশ ব্যাংক

বগুড়ায় বাতিল নোটের টুকরো নিয়ে তুলকালামের মধ্যে তা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2019, 09:20 PM

Updated : 18 Aug 2022, 05:50 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ”টেলিভিশন চ্যানেলে প্রদর্শিত ও বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত শ্রেডেড নোটের টুকরাসমূহ বাতিলকৃত নোটের ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা।

”এ সকল ক্ষুদ্র ক্ষুদ্র শ্রেডেড টুকরার কোনোরূপ ব্যবহারিক কিংবা বিনিময় মূল্য নেই বিধায় এ নিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।”

মঙ্গলবার বগুড়া শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে শাজাহানপুর উপজেলার চান্দাই গ্রামে রাস্তার পাশে বিলের পানিতে বাতিল নোটের টুকরো ফেলা হয়।

এ ঘটনায় গুজব ছড়ায়, সম্প্রতি ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ভয়ে কেউ হয়ত অবৈধ টাকা নষ্ট করেছে। ফলে বিলের মধ্যে নোটের বস্তা থাকতে পারে- এই ধারণা থেকে কয়েকজন পানিতে নেমে ডুব দিয়ে টাকা খুঁজতে শুরু করেন। কিন্তু পানিতেও ওই টুকরো টাকাই মেলে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

অনেকে সেই টুকরো টাকা হাতে করে, লুঙ্গিতে ভরে নিয়ে যায়। মঙ্গলবার সকাল থেকে চলা এই উত্তেজনার অবসান ঘটে দুপুরে বাংলাদেশ ব্যাংক থেকে পুলিশ তথ্য পাওয়ার পর।

পরিবেশ দূষণ রোধের জন্য বাতিল নোট পুড়িয়ে ধ্বংস করার কাজ সীমিত করে তা বিনষ্টকরণে ’শ্রেডেড পদ্ধতি বা ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত করার’ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক কর্তৃপক্ষ বলছে, বাতিলকৃত নোটের ’শ্রেডেড ও পাঞ্চডকৃত’ ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা আবর্জনা হিসেবে স্থানীয় সিটি কর্পোরেশন বা পৌরসভার মাধ্যমে অপসারণে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত গত মে মাসে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।

বুধবারের সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক বলছে, উক্ত সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ব্যাংক হতে বাতিলকৃত নোটের ক্ষুদ্র ক্ষুদ্র শ্রেডেড টুকরাসমূহ সিটি কর্পোরেশন বা পৌরসভার ময়লা ফেলার জন্য নির্ধারিত স্থানে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ফেলার কথা।

”কিন্তু গত ২৪ সেপ্টেম্বর তারিখে বগুড়া পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী কর্তৃক বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের বাতিলকৃত নোটের ক্ষুদ্র ক্ষুদ্র শ্রেডেড টুকরা পৌরসভার আবর্জনা ফেলার নির্ধারিত স্থানে না ফেলে অন্যত্র ফেলা হয়েছে।”

পুরনো খবর:

বাতিল নোটের টুকরো: ৩ পৌর কর্মকর্তাকে নোটিশ
ব্যাংকের বাতিল নোটের টুকরো নিয়ে বগুড়ায় তুলকালাম