২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ জানতে ‘হটলাইন’ চালু করছে বিএসটিআই

পণ্যের ভেজাল ও অনুমোদনহীন লোগো ব্যবহারের অভিযোগ সম্পর্কে জানতে ‘হটলাইন’ চালুর উদ্যোগ নিয়েছে সরকারি মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2019, 09:05 PM

Updated : 18 Aug 2022, 05:50 PM

নকল ও অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করার কথাও জানিয়েছে সংস্থাটি।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা জানান সংস্থাটির মহাপরিচালক মুয়াজ্জেম হোসাইন।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের মাঝে পণ্যের মান নিয়ে সচেতনতা সৃষ্টির অংশ হিসাবে ‘বিএসটিআইতে শিক্ষা সফর’ নামের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএসটিআইয়ের মহাপরিচালক।

যারা নিম্ন মানের পণ্য উৎপাদন করে ও অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে তাদের কঠোর শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দেন মুয়াজ্জেম।

বিএসটিআইএয়ের লোগো ছাড়া কোনো প্যাকেটজাত পণ্য না কিনতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভিন্ন পণ্য ও সেবার মান প্রণয়নের দায়িত্ব বিএসটিআইয়ের। পণ্য ও সেবার মান প্রণয়নের পাশাপাশি নির্ধারিত ১৮১টি পণ্যের অনুকূলে মান সনদ দেওয়া এবং এসব পণ্যের মান তদারকির দায়িত্ব বিএসটিআইএয়ের।

তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যবসায়ী নিম্নমানের পণ্য উৎপাদন ও অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছে। তাদের বিরুদ্ধে অভিযোগ জানার জন্য শিগগিরই বিএসটিআইতে হটলাইন সেবা চালু করা হবে।

বিভিন্ন ভেজাল পণ্যের বিরুদ্ধে সারা বছরজুড়ে দেশের বিভিন্ন স্থানে পালা করে অভিযান চালায় বিএসটিআই। এসব অভিযানে নকল পণ্য, বিএসটিআইয়ের লোগোর অনুমোদনহীন ব্যবহার ও নিম্নমানের খাবার পানির উৎস ধ্বংস করে তারা।